নাশকতায় সুশীল সমাজের ইন্ধন রয়েছে: হানিফ

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৫, ১৮:২৯



আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্নার মুখোশ ইতোমধ্যেই উন্মেচিত হয়েছে। তিনি এতদিন ভদ্রতার মুখোশ পরে যে ষড়যন্ত্র করেছেন এবং বিএনপিকে পেট্রোল বোমা মেরে মানুষ হত্যার ইন্ধন দিয়েছেন তা প্রমাণ হয়েছে।

বুধবার দুপুরে জেলা শহরের নিজ বাসভবনে দলীয় নেতা-কর্মীদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। হানিফ বলেন, মাহমুদুর রহমান সরকারকে ক্ষমতাচ্যুত করার যে ষড়যন্ত্র করেছিলেন সেই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে এবং সেই মামলায় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির বিষয়ে তিনি বলেন, ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকার আনীত অভিযোগের ভিত্তিতে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতি মামলা করেছিল। সেই জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় আজ খালেদা জিয়ার গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। এ বিষয়ে তিনি আরো বলেন, খালেদা জিয়া নিজেও জানতেন তিনি একজন অপরাধী। তার বিরুদ্ধে দুর্নীতির যে তথ্য প্রমাণ আছে তাতে তার শাস্তি হওয়ার সম্ভাবনা আছে বলেই নিজেকে রক্ষা করার জন্য এই মামলায় ৪৭ বার তারিখ পরিবর্তন করেছেন।

এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সহ-সভাপতি হাজী রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক আজগর আলী, শহর আওয়ামী লীগের সভাপতি তাইজাল আলী খান প্রমুখ উপস্থিত ছিলেন।