ফুলবাড়ীয়া উপজেলার বাকতা ইউনিয়নের নামা শ্রীপুর গ্রামে ধান ক্ষেতে পড়ে থাকা বোমা সাদৃশ্য বস্তু নিয়ে চারিদিকে আতংক ছড়িয়ে পড়ে। বুধবার দুপুর সাড়ে ১২ টার দিকে ধান ক্ষেতে কাজ করতে যাওয়া শ্রমিকরা এ বস্তুটির খোঁজ পান। মোবাইলে মুহূর্তে চর্তুদিকে ছড়িয়ে পড়ে বোমা পাওয়ার বিষয়টি। ছড়িয়ে পড়ে আতংক। ভীড় করতে থাকে দর্শনার্থীরা। বিকাল ৫টার দিকে থানা থেকে পুলিশের বোমাসদৃশ বস্তুটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। স্থানীয়দের ধারণা এটি বিমান থেকে মাটিতে পড়ে গেছে।
উপজেলার বাকতা ইউনিয়নের নামা শ্রীপুর গ্রামের কছিম উদ্দিন মাস্টারের বাড়ির পশ্চিম পাশের একটি ধান ক্ষেতে সাদা বাক্সে মোড়ানো ভিতরে যন্ত্রাংশ সংবলিত একটি বস্তু বোরো ধান ক্ষেতে পড়ে ছিল। বোরো ক্ষেতে আগাছা পরিস্কার করা শ্রমিকরা বস্তুটি প্রথমে দেখে আশে পাশের লোকজনকে অবহিত করে। মুহূর্তে বস্তুটি পাওয়ার খবর মোবাইলে জানাজানি হলে দর্শনার্থীদের ভীড় বাড়ার সাথে আতংক ছড়িয়ে পড়ে। বিকাল ৫ টার দিকে থানা থেকে এস আই নূরুল ইসলাম ওই বস্তুটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
সাহেব আলী মেম্বার জানান, মঙ্গলবার নিচু এলাকা দিয়ে তারা প্রশিক্ষণ বিমান উড়ে যেতে দেখেছেন। এলাকাবাসীর ধারণা বস্তুটি বিমান থেকে মাটিতে পড়ে গিয়েছিল।
থানা পুলিশের এস আই নূরুল ইসলাম জানান, বস্তুটি কি তার জানা নেই। উদ্ধার করে তিনি থানায় নিয়ে এসেছেন।
সরেজমিন গিয়ে দেখা গেছে, সাদা বাক্সে মোড়ানো বস্তুটির গায়ে আই মেট-১, ইন্টারনেট মেট, ইন্টারন্যাশনাল মেট সিস্টেম লেখা রয়েছে। ভিতরে রয়েছে তারসহ ছোট ছোট যন্ত্র।
ইন্টারনেট সূত্র থেকে জানা যায়, ইন্টারমেট একটি রেডিও সাউন্ড। যা স্থল থেকে বায়ুমণ্ডল পরিমাপের জন্য ব্যবহার করা হয়। সাধারণত এটি সামরিক বাহিনীর লোকজন ব্যবহার করে থাকে।
