সোয়াইন ফ্লু ঠেকাতে আহমেদাবাদে ১৪৪ ধারা

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৫, ২১:০৫

 

 

সোয়াইন ফ্লু ছড়িয়ে পড়া ঠেকাতে গুজরাটের আহমেদাবাদে ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। ডিসট্রিক্ট কালেক্টরের দফতর থেকে জানানো হয়েছে,  সোয়াইন ফ্লু ঠেকাতে সিআরপিসির ১৪৪ ধারা জারি করা হয়েছে। প্রশাসনের অনুমতি ছাড়া আহমেদাবাদ শহরে গণজমায়েত করতে পারবে না কেউ। খবর- টাইমস অব ইন্ডিয়ার।

বিয়ে কিংবা শেষকৃত্যের সময় জমায়েত হলে এই নিষেধাজ্ঞা বলবত হবে না। তবে সেখানে সঠিক ব্যবস্থাগ্রহণ করতে হবে, যেন কোনভাবেই এই রোগ না ছড়ায়। তবে ভারতের কেন্দ্রীয় সরকারের দাবি, আতঙ্কিত হওয়ার কিছু নেই।

অন্য দিকে ভারতের উত্তর প্রদেশের শহর গাজিয়াবাদে সোয়াইন ফ্লু নিয়ে চলমান আতঙ্কের জেরে ছাত্র-ছাত্রীরা শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার জন্য আন্দোলন করায় বেশ কয়েকটি ইঞ্জিনিয়ারিং ও মেডিকেল কলেজ সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয়েছে। ৮ মার্চ পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।