মেন্ডিসের স্থানে শ্রীলংকান দলে থারাঙ্গা

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৫, ২১:৩২


হ্যামস্ট্রিং ইনজুরির কারণে বিশ্বকাপ থেকে ছিটকে পড়েছেন শ্রীলংকান অল রাউন্ডার জীভন মেন্ডিস। তার স্থানে ব্যাটসম্যান উপল থারাঙ্গাকে দলভূক্ত করার বিষয়টি নিশ্চিত করেছেন দলীয় অধিনায়ক এঞ্জেলো ম্যাথুস।

বাঁহাতি ব্যাটসম্যান এবং ডান হাতি লেগ স্পিনার ৩২ বছর বয়সী মেন্ডিস মঙ্গলবার অনুশীলনে ইনজুরিতে আক্রান্ত হন। আগামীকাল মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে শ্রীলংকা বাংলাদেশের মুখোমুখি হবে। এই ম্যাচকে সামনে রেখে ম্যাথুস বলেছেন, দুর্ভাগ্যবশত: আগামী দুই থেকে তিন সপ্তাহের জন্য মেন্ডিস মাঠে বাইরে চলে গেছে। আজ রাতেই উপলের অস্ট্রেলিয়া আসার কথা রয়েছে। কিন্তু বাংলাদেশের বিপক্ষে তার খেলা নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

শ্রীলংকার হয়ে ১৬টি ওয়ানডে আন্তর্জাতিক ম্যাচ খেলা মেন্ডিস আফগানিস্তানের বিপক্ষে শেষ ম্যাচে তিন ওভারে ১৩ রান দিয়ে কোন উইকেট পাননি। ব্যাট হাতে ৯ রানে অপরাজিত ছিলেন। অন্যদিকে ৩০ বছর বয়সী থারাঙ্গা ১৭৬টি ওয়ানডে ম্যাচে ৩৩.৫৭ গড়ে ৫৩৩৯ রান সংগ্রহ করেছেন। এই রান সংগ্রহে তিনি ১৩টি সেঞ্চুরি এবং ২৮টি হাফ সেঞ্চুরি হাঁকিয়েছেন। গত বছরের নভেম্বরে ভারতের বিপক্ষে কাটাকে সর্বশেষ ওয়ানডে ম্যাচ খেলেছিলেন অভিজ্ঞ এই বাঁহাতি ওপেনার।

দুই ম্যাচের একটিতে জয় এবং একটিতে পরাজিত হয়ে দুই পয়েন্ট সংগ্রহ করেছে শ্রীলংকা। অন্যদিকে একটিতে জয় এবং বৃষ্টির কারণে অস্ট্রেলিয়ান বিপক্ষে ম্যাচটি পরিত্যক্ত হওয়ায় দুই ম্যাচে ৩ পয়েন্ট সংগ্রহ করে শ্রীলংকার থেকে এগিয়ে আছে বাংলাদেশ।