রবিবার থেকে হরতালসহ আরও কঠোর কর্মসূচি

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০১৫, ১১:৪৩
 
 
সরকার দ্রুত পদত্যাগ না করলে আগামী রবিবার থেকে হরতালসহ আরও কঠোর কর্মসূচি দেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির যুগ্ম-মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ। ২০ দলীয় জোটের পক্ষে বৃহস্পতিবার ই-মেইলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ কথা জানান।
 
বিবৃতিতে সালাহ উদ্দিন বলেন, ‘জনগণ এখন সরকার পতনের ক্ষণ গণনা শুরু করেছে। দেশবাসীর আশা, সরকারের শুভবুদ্ধির উদয় হবে এবং গণদাবি মেনে নিয়ে দ্রুত পদত্যাগ করে দেশে শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে এনে ভয়াবহ সংকট থেকে জাতিকে রক্ষা করবে।’
 

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী বুধবার সংসদে প্রশ্নোত্তরে অতিশয় দম্ভ নিয়ে বলেছেন- জনগণ বিএনপির সঙ্গে নেই এবং ২০ দলের সাতদফা ব্যক্তিস্বার্থের দাবি। জনগণ যদি আওয়ামী লীগের সঙ্গে থাকে, তাহলে প্রধানমন্ত্রী নির্বাচনকে ভয় পান কেন? জনগণকে ভয় পান কেন? নির্বাচন দিন, প্রমাণ হয়ে যাবে জনগণ কাদের সঙ্গে।’