অমিতাভকে যুক্তরাষ্ট্রে তলব

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০১৫, ২১:৪৩
 
শিখবিরোধী দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে বলিউড তারকা অমিতাভ বচ্চনকে তলব করেছে যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলসের একটি আদালত। তার বিরুদ্ধে ১৯৮৪ সালে ভারতে শিখ বিরোধী দাঙ্গায় ইন্ধন দেয়ার অভিযোগ রয়েছে।
অমিতাভের হলিউড ম্যানেজার ডেভিড ইউঙ্গারকে এ সংক্রান্ত নথি পাঠিয়েছে ফেডারেল আদালত। শিখদের অধিকার নিয়ে কাজ করা নিউইয়র্ক ভিত্তিক সংগঠন 'শিখ ফর জাস্টিস' মার্কিন আদালতে অমিতাভের বিরুদ্ধে শিখ হত্যায় ইন্ধন দেয়ার অভিযোগে মামলা করেছিল। দাঙ্গার সময় তিনি 'রক্তের বিনিময়ে রক্ত' স্লোগানের পক্ষে কাজ করেছিলেন বলে মনে করে শিখদের অধিকার রক্ষাকারী সংগঠনটি।
তবে দাঙ্গার সাথে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন অমিতাভ বচ্চন।
উল্লেখ্য, ১৯৮৪ সালে অমৃতসরে শিখদের স্বর্ণ মন্দিরে সেনা অভিযানের নির্দেশ দেয়ার পর প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী তার শিখ দেহরক্ষীর গুলিতে নিহত হন। এর ফলে ভারতে শিখ বিরোধী দাঙ্গা ছড়িয়ে পড়ে। এই দাঙ্গায় ভারতজুড়ে প্রায় দুই হাজার আট'শ মানুষ নিহত হয়। এসময় শুধুমাত্র দিল্লিতেই দুই হাজার এক'শ মানুষ প্রাণ হারায়। সূত্র: এনডিটিভি