ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রথম রেল বাজেটে যাত্রীদের সুবিধার ওপর জোর দেয়া হয়েছে। বাড়েনি ভাড়া। যাত্রীদের নিরাপত্তা এবং সেবার মানের ওপর গুরুত্ব দিয়েছেন দেশটির রেলমন্ত্রী সুরেশ প্রভু। গতকাল বৃহস্পতিবার দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভায় এই বাজেট পেশ করেন রেলমন্ত্রী।
ভারতের রেল বাজেটে পরবর্তী পাঁচ বছরে ১৩৭ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করার সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে। নতুন করে যেমন যাত্রী ভাড়া বাড়ানো হয়নি, ঠিক তেমনি এবছরই প্রথম ঘটনা যে নতুন কোন ট্রেনের ঘোষণা দেয়া হয়নি। ট্রেনের গতি বৃদ্ধি আর স্বচ্ছতার দিকেও নজর দেয়া হয়েছে বাজেটে। যাত্রী ভাড়ান না বাড়ায় সাধারণ মানুষের একটা বড় অংশই খুশি হয়েছেন। ভারতের রেল বিশ্বের সবচেয়ে বড় সেবা প্রতিষ্ঠান। তবে এর সেবার মান নিয়ে বিভিন্ন সময় সমালোচনা ওঠে। ভারতে প্রতিদিন ১২ হাজার ট্রেন চলে।
নয়টি রুটের যাত্রীবাহী ট্রেনের গতি শতকরা ৫০ ভাগ বাড়ানো, ৪শ’ স্টেশনে ওয়াই-ফাই, ট্রেনের টিকিট কাটার যাত্রী-বান্ধব ব্যবস্থা, মহিলা যাত্রীদের সুরক্ষায় দূরপাল্লার ট্রেনগুলিতে নজরদারি ক্যামেরা বসানোর মতো পরিকল্পনাও জানিয়েছেন রেলমন্ত্রী। ট্রেনে ১৭ হাজার বায়ো টয়লেটসহ পরিষ্কার পরিচ্ছন্নতার উপরও জোর দেয়া হয়েছে। বাজেট উপস্থাপনের পর রেলমন্ত্রীকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী মোদী।
