‘বিএনপি-জামায়াতের আন্দোলন গণতান্ত্রিক নয়’

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০১৫, ১৩:১৮
 
রেলপথমন্ত্রী মুজিবুল হক বলেছেন, বিএনপি ও জামায়াতের আন্দোলন গণতান্ত্রিক নয়। তাদের আন্দোলন এখন আন্ডারগ্রাউন্ডে চলে গেছে। শুক্রবার সকালে মিরসরাইয়ে চিনকী আস্তানা রেল স্টেশন চত্বরে বাংলাদেশ রেলওয়ে আয়োজিত রেলপথ ও নাশকতা রোধকল্পে এক মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
মুজিবুল হক বলেন, মানুষ মেরে, বোমা মেরে কেউ কখনো ক্ষমতায় যেতে পারেনি। বিশ্বের ইতিহাসে এমন নজির নেই। বিএনপি নির্বাচনে যায়নি সেটি এক ভুল। বোমা মেরে দেশের নিরীহ মানুষ হত্যা তার আরেক ভুল। এই দুই ভুল করে বেগম খালেদা জিয়া কেবল কাঁদেন আর কাঁদেন। এখন তার কান্নার শেষ নেই।
তিনি বলেন, বিএনপি ও তাদের দোসর জামায়াত শিবির দেশে একের পর নাশকতা চালিয়ে যাচ্ছে। পেট্রোল বোমা মেরে দেশের নিরীহ মানুষদের খুন করছে। এভাবে চলতে থাকলে বেগম খালেদা জিয়া এবং বিএনপির কবর শীঘ্রই এদেশের মাটিতে হবে।
রেলমন্ত্রী বলেন, প্রশাসন রেলপথে নাশকতা প্রতিরোধে সফলভাবে কাজ করে যাচ্ছে। জনগণকে সাথে পেলে চোরাগোপ্তা হামলা এবং সকল নাশকতা শতভাগ মোকাবেলা করা যাবে।