কিশোরগঞ্জে দশম শ্রেণির এক ছাত্রীকে অপহরণের দায়ে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্ত যুবকের নাম বনি খান। সে পলাতক রয়েছে। কারাদণ্ড ষোষণার পাশাপাশি আদালত বিশ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করেছে।
কিশোরগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের (শিশু আদালত) বিচারক কিরণ শংকর হালদার আজ বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে এই রায় প্রদান করেন। আসামি বনি খান নিকলী উপজেলার ভাটি নানশ্রী গ্রামের বাবুল খানের পুত্র।
মামলার বিবরণে প্রকাশ, করিমগঞ্জ উপজেলার সাঁতারপুর গ্রামের মো. আল আমিনের কন্যা সেতারা বেগম জেলা সদরের আজিমউদ্দিন উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণিতে লেখাপড়া এবং স্কুলের পাশের এক কোচিং সেন্টারে প্রাইভেট পড়তো। বিদ্যালয় ও কোচিং সেন্টারে আসা-যাওয়ার পথে আসামি বনি খান প্রায়শই সেতারাকে উত্যক্ত করতো।
২০১৪ সালের ২২ মার্চ কোচিং সেন্টারে যাওয়ার পথে শোলাকিয়া ঈদগাহ সংলগ্ন কুমুদিনী প্রাইমারি স্কুলের সামনে থেকে বনি খানের নেতৃত্বে ২/৩ জন সেতারাকে একটি মাইক্রোবাসে জোরপূর্বক উঠিয়ে নিয়ে যায়। দুইদিন পর তাকে পাকুন্দিয়া উপজেলার আজমলী গ্রাম থেকে পুলিশ উদ্ধার করে।
আরও পড়ুনঃ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে র্যাগিং নিষিদ্ধ
এ ব্যাপারে বনি খানসহ তার বড় ভাই ও পিতাকে আসামি করে কিশোরগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়। পুলিশ তদন্ত শেষে একমাত্র বনি খানের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে। পলাতক আসামি ট্রাইবুনালে আত্মসমর্পণের কিংবা গ্রেফতারের তারিখ থেকে তার সাজা কার্যকর হবে বলে বিচারক তার রায়ে উল্লেখ করেন।
ইত্তেফাক/নূহু
