জলবায়ু পরিবর্তন মোকাবেলার উদ্যোগ জোরদার করতে ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ বৃহস্পতিবার ফিলিপাইন সফরে পৌঁছেছেন। বিশ্ব নেতাদের একটি গুরুত্বপূর্ণ শীর্ষ সম্মেলনের আগে ফ্রান্সের দুই জনপ্রিয় অভিনেত্রীকে সঙ্গে নিয়ে তিনি এ সফরে গেলেন।
ফ্রান্স আগামী ডিসেম্বর মাসে জাতিসংঘের জলবায়ু বিষয়ক সম্মেলনের আয়োজন করবে। জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ে ফিলিপাইনকে একটি গুরুত্বপূর্ণ দেশ হিসেবে দেখা হচ্ছে। সাম্প্রতিক বছরগুলোতে ফিলিপাইনকে জলবায়ু পরিবর্তন সৃষ্ট কঠিন দুর্যোগের মধ্যে পড়তে হয়েছে। প্রশান্ত মহাসাগর থেকে সৃষ্ট এসব প্রাকৃতিক দুর্যোগে হাজার হাজার লোক প্রাণ হারিয়েছে। ২০১৩ সালের নভেম্বরে সুপার টাইফুন হাইয়ানের আঘাতে ৭ হাজার ৩৫০ জন মারা যায় বা নিখোঁজ হয়।
ওলাঁদ বৃহস্পতিবার সন্ধ্যায় ফিলিপাইনের প্রেসিডেন্ট বেনিনো অ্যাকুইনোর সঙ্গে সাক্ষাত করেন। এসময় তারা প্যারিস জলবায়ু সম্মেলন সফল করতে বিশ্ব নেতাদের প্রতি যৌথভাবে আহবান জানান। সূত্র: এএফপি
