যুক্তরাষ্ট্রের অ্যালাবামা অঙ্গরাজ্যের একটি শহরের নাম সেলমা। অর্ধ শতাব্দী আগে কৃষ্ণাঙ্গদের নাগরিক অধিকারের দাবিতে করা একটি মিছিলের জন্য বিখ্যাত এ শহর। যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট বারাক ওবামা আগামী সপ্তাহে সেই মিছিলের পঞ্চাশ বছর পূর্তি অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। খবর এএফপির।
কালোদের ভোটের অধিকারের দাবিতে ১৯৬৫ সালের ৭ মার্চ সেলমা থেকে মন্টগোমেরির উদ্দেশে রওনা হওয়া ঐতিহাসিক সেই মিছিলটি পুলিশের নৃশংস হামলার শিকার হয়েছিল। পরবর্তীতে ওই দিনটি যুক্তরাষ্ট্রের ইতিহাসে 'রক্তাক্ত রবিবার' হিসেবে পরিচিতি পায়। সেলমা সফর নিয়ে প্রেসিডেন্ট ওবামা গত বৃহস্পতিবার বলেন, 'আগামী সপ্তাহে বিশ্ব পুনরায় সেলমার দিকে দৃষ্টি ঘোরাবে।'
এ সফরে ওবামার সঙ্গে তার স্ত্রী মিশেল এবং তাদের দুই মেয়েও থাকবে। হোয়াইট হাউজে এক অনুষ্ঠানে ওবামা বলেন, 'যারা ইতিহাসের গতি পাল্টে দিয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য আমরা সেলমা যাচ্ছি।'
