অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন বিশৃঙ্খলা ও সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধে আগামীতে সরকার প্রয়োজনে আরও কঠোর হবে। তিনি বলেন, 'খালেদা জিয়ার কারনেই দেশে হত্যাকাণ্ডের ঘটনা বেড়েছে। বিএনপি নেত্রী খালেদা জিয়ার কথায় দেশে একের পর এক হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে। খালেদা জিয়াকে এখন এসব অপকর্ম বন্ধ করা উচিত। হত্যাকাণ্ডের মতো অপকর্ম ঘটিয়ে দেশে গৃহযুদ্ধ বাঁধানো সম্ভব নয়।'
শুক্রবার সিলেটের জালালাবাদ গ্যাস অডিটোরিয়ামে রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩২৮২ এর কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য শেষে উপস্থিত সাংবাদিকদের তিনি একথা বলেন।
বাংলাদেশে গৃহযুদ্ধ বাঁধতে পারে সম্প্রতি ইউরোপীয় ইউনিয়নের এমন অশঙ্কার কথা তার নজরে আনা হলে মুহিত বলেন, খালেদার উস্কানিতে দেশে গৃহযুদ্ধ বাঁধানোর মত পরিস্থিতি সৃষ্টি হতে দেবে না সরকার।
তিনি আরো বলেন, 'খালেদা জিয়ার সাথে দেশের জনগণের কোন সম্পৃক্ততা নেই। তিনি জনগণের কষ্টের ভাষা বুঝেন না।' এসময় তিনি খালেদাজিয়াকে উন্নয়নের শত্রু বলেও আখ্যায়িত করেন।
