সংলাপের বিকল্প নেই: ড. কামাল

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০১৫, ১৯:৩৫
বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণে সংলাপের বিকল্প নেই উল্লেখ করে বিশিষ্ট আইনজীবী ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, সভ্য সমাজে আলাপ আলোচনা করেই সমাধান করা হয়। আর আলোচনা শুধু বড় দুটি দলের মধ্যে নয়, সব রাজনৈতিক দল এবং মানবাধিকার সংগঠনের সঙ্গেও করতে হবে।
তিনি বলেন, পেট্রোবোমা হামলাসহ সব ধরনের নৃশংসতার বিরুদ্ধেই আমার দল কথা বলে। বোমা মেরে গুটিকয়েক মানুষকে মেরে ফেলা যায়, ১৬ কোটি মানুষকে মারা যায় না।
শুক্রবার রাজধানীর আরামবাগে গণফোরাম কার্যালয়ে দলটির বর্ধিত সভা চলাকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। ড. কামল হোসেন বলেন, বাংলাদেশের মানুষকে কেউ অস্বাভাবিক ব্যবস্থায় রাখতে পারে না। দেশে যা হচ্ছে, তাকে সুস্থ রাজনীতি বলা যাবে না। যেকোনো মূল্যে ক্ষমতা আঁকড়ে রাখা সুস্থ রাজনীতি নয়।
ড. কামাল হোসেন বলেন, একজন বলেছে দেশদ্রোহিতার জন্য আমার বিচার করা হোক। পাকিস্তানও আমার বিরুদ্ধে দেশদ্রোহিতার বিচার করেছিল,বিএনপিও করেছিল কেয়ারটেকার সরকারের দাবি করায়। এরশাদও করেছিল। দেশদ্রোহিতার কথা শোনানোকে আমি পরোয়া করি না। কে এ ধরনের হুমকি দেখাবে?’ মাহমুদুর রহমান মান্নার টেলিফোন আলাপ প্রসঙ্গে তিনি বলেন, টেলিফোন আলাপ বিষয়ে আমার কিছু জানা নেই। আমি দেশেও ছিলাম না। দেশে ফিরে পত্রিকা দেখে জেনেছি। পরে আমাকে মিছিলে যাওয়ার কথা বলা হয়েছে। আমি বলেছি, এসব জিনিস পরিষ্কার না হলে মিছিলে যাওয়া যাবে না। মান্নার বিষয়ে সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনি ব্যবস্থা নেওয়া হোক।
সভায় গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন মন্টু, নির্বাহী সভাপতি মফিদুল ইসলাম খান, সুব্রত চৌধুরী, সভাপতিমণ্ডলীর সদস্য আবদুল আজিজ, তবারক হোসেন, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ, কেন্দ্রীয় নেতা রফিকুল ইসলাম পথিক প্রমুখ উপস্থিত ছিলেন।