সাদেক হোসেন খোকা ও ড.ওসমান ফারুকের বিবৃতি

খালেদাকে ঘিরে ‘অপরিণামদর্শী’ পদক্ষেপ সরকারকে ভয়াবহ পরিস্থিতিতে ফেলবে

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০১৫, ১৯:৪৩
 
যুক্তরাষ্ট্রে অবস্থানরত বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা ও ড.ওসমান ফারুক শুক্রবার এক যুক্ত বিবৃতিতে  সরকারকে হুমকি দিয়ে বলেছেন, জনগনের স্বতঃস্ফূর্ত আন্দোলনের মুখে শিগগিরই ক্ষমতা ছেড়ে গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা ছাড়া অন্য কোন ধরনের দমন পীড়নের কৌশল সরকারের জন্য অধিকতর করুণ পরিণতিই ডেকে আনবে। তারা বলেন, খালেদা জিয়াকে আন্দোলনে নেতৃত্বদান থেকে নিস্ক্রিয় করতেই সাজানো মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করা হয়েছে। এসব করে আন্দোলন থামানো যাবেনা। খালেদা জিয়াকে ঘিরে সরকারের কোন ‘অপরিণামদর্শী’ পদক্ষেপ চলমান আন্দোলনকে দ্রুত সাফল্যের দিকে নিয়ে যাবে। 
বিবৃতিতে সাদেক হোসেন খোকা ও ওসমান ফারুক অভিযোগ করে বলেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে এর আগে বড় বড় দুর্নীতির মামলা দেওয়া সত্ত্বেও ক্ষমতার অপব্যাবহার করে তা প্রত্যাহার করা হয়েছে। তারা বলেন,সরকারের দমন পীড়ন সত্ত্বেও দেশের জনগণ নিজেদের ক্ষতি স্বীকার করে টানা প্রায় দুই মাস ধরে আন্দোলন চালাচ্ছে।
বিএনপি নেতৃত্বাধীন জোটের বাইরেও অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরী, ড. কামাল হোসেন, আবদুল কাদের সিদ্দিকী, আ স ম আবদুর রবের নেতৃত্বাধীন দলগুলো ও  কমিউনিস্টপার্টিসহ সব গণতান্ত্রিক শক্তি এখন গ্রহণযোগ্য নির্বাচনের দাবিতে এক হয়েছে।