বাংলাদেশের সহিংস পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন : নিশা দেশাই

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০১৫, ০৩:৫৫

দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল বলেছেন, ‘বাংলাদেশের সহিংস পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন। আমি মনে করি সকল রাজনৈতিক দলের সহিংসতা পরিহার করে দেশে সমন্বিত রাজনৈতিক পদ্ধতি গড়ে তোলা প্রয়োজন। একই সঙ্গে সরকারের উচিত শান্তিপূর্ণভাবে যেন বিরোধী রাজনৈতিক পক্ষ মত প্রকাশ করতে পারে সে সুযোগ দেয়া। তবে এসব বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় এবং নিজেদেরই তা মিটিয়ে ফেলতে হবে।’

স্থানীয় সময় বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির ফরেন প্রেস সেন্টারে ‘দক্ষিণ এশিয়ায় যুক্তরাষ্ট্রের সহযোগিতা ও অংশীদারিত্ব’ বিষয়ক এক মতবিনিময় সভায় বাংলাদেশের সহিংসতা নিরসনে যুক্তরাষ্ট্র কোনো ভূমিকা রাখতে পারে কী না এমন প্রশ্নের জবাবে নিশা দেশাই এ কথা বলেন। তিনি আরও বলেন,  সকল রাজনৈতিক দল ও সুশীল সমাজের সমন্বয়ে অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ গড়ে তোলার দায়িত্ব সে দেশের সরকারের।
খালেদা জিয়ার গ্রেপ্তারি পরোয়ানা প্রসঙ্গে সাংবাদিকের প্রশ্নের জবাবে নিশা বলেন, ‘বেগম জিয়ার বিরুদ্ধে অভিযোগগুলো কী তা ভালভাবে না জেনে মন্তব্য করতে চাই না। তবে সবকিছুর একটা নিয়ম আছে। অভিযোগ দাখিলের আইনগত পদ্ধতিও আছে। গণতান্ত্রিক দেশ হিসাবে বাংলাদেশে অর্থপূর্ণ বিরোধী রাজনৈতিক দলের জন্য স্পেস থাকা দরকার।’ তিনি বলেন, আমরা বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে ভালোভাবে অবগত। বাংলাদেশের সরকার, বিরোধী দল ও সুশীল সমাজ সকলের সঙ্গে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে।
মতবিনিময় সভায় অন্য এক প্রশ্নের জবাবে নিশা দেশাই বলেন, বাংলাদেশের মত গণতান্ত্রিক দেশে নাগরিক সমাজ, সুশীল সমাজ ও গণমাধ্যমের মত প্রকাশের স্বাধীনতা থাকা উচিত। উচিত সিভিল সোসাইটির মতামতকে সম্মান দেখানো। তিনি আশা করেন, বাংলাদেশেও তাই হবে। সভায় ইসলামিক স্টেটসহ জঙ্গিবাদী গোষ্ঠীর তত্পরতা বন্ধে দক্ষিণ ও মধ্য এশিয়ার সরকারসমূহের সহযোগিতা আশা করেন নিশা দেশাই।