ঢাকা বারে নীল প্যানেল সংখ্যাগরিষ্ঠ পদে বিজয়ী

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০১৫, ১১:২৩



ঢাকা আইনজীবী সমিতির (ঢাকা বার) নির্বাচনে ২৫টি পদের মধ্যে নীল প্যানেল সভাপতি, সাধারণ সম্পাদকসহ ২০টি পদে এবং সাদা প্যানেল সিনিয়র সহ-সভাপতি ও কোষাধ্যক্ষ পদসহ ৫টি পদে বিজয়ী হয়েছে। শনিবার সকালে এ ফলাফল ঘোষণা করা হয়।
নীল প্যানেলের সভাপতি প্রার্থী এডভোকেট মাসুদ আহমেদ তালুকদার ৪৫৬২ ভোট এবং সাধারণ সম্পাদক পদে এডভোকেট ওমর ফারুক ফারুকী ৪৬৪৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাদের নিকটতম প্রতিদ্ধন্ধি ছিলেন সাদা প্যানেলের সভাপতি প্রার্থী এডভোকেট সাইদুর রহমান মানিক। তিনি পেয়েছেন ৪৩৩২ ভোট এবং সাধারণ সম্পাদক পদে এডভোকেট আয়ুবুর রহমান পেয়েছেন ৪০৫৭ ভোট।
এশিয়ার বৃহত্তম বার ঢাকা আইনজীবী সমিতির দু’দিনব্যাপী নির্বাচন ২৫ ও ২৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার অনুষ্টিত হয়। শুক্রবার সকাল ৮ টায় ভোটগননা শুরু হয়।
নির্বাচনে প্রধান প্রতিদ্বন্দ্বিতা হয়েছে দুটি প্যানেলের মধ্যে। একটি প্যানেল আওয়ামী লীগ ও তাদের সমমনা সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের সাদা প্যানেল অপরটি বিএনপি ও তাদের সমমনাদের সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের নীল প্যানেল। এছাড়াও নিরপেক্ষ হিসেবে সবুজ প্যানেল নামে আরো একটি আংশিক প্যানেল নির্বাচনে অংশ নেয়।
নির্বাচনে মোট ভোটার ছিল ১৫ হাজার ৩শ’ ৭২ জন আইনজীবী।
ঢাকা বারের সাবেক সভাপতি জ্যেষ্ঠ আইনজীবী এসএম আলতাফ হোসেন প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।

নীল প্যানেল নির্বাচিত অন্যরা হলেন- সহ-সভাপতি পদে হারুন রশিদ খান, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক পদে মোহাম্মাদ হাফিজুর রহমান হাফিজ, সহ-সাধারণ সম্পাদক পদে তাহেরুল ইসলাম তৌহিদ, লাইব্রেরি সম্পাদক পদে মাজেদুর রহমান মামুন, সাংস্কৃতিক সম্পাদক পদে আকলিমা আক্তার আলো ও দপ্তর সম্পাদক পদে শেখ আলাউদ্দিন।
নীল প্যানেলে সদস্য পদে ১৫ প্রার্থীর মধ্যে ১২ জন বিজয়ী হয়েছেন। তারা হলেন- ফাতিমা ইয়াসমিন, রেহানা পারভীন, শাহনাজ পারভীন জোসনা, মিজানুর রহমান মিজান, মজিবর রহমান, মোস্তফা কামাল, শাহ আলম, মোহাম্মাদ কামাল হোসেন, মোহাম্মাদ বিল্লাল হোসেন, মোহাম্মাদ আব্দুল হান্নান খন্দকার, মোহাম্মাদ আবুল কাশেম ও শফিকুল ইসলাম।
অন্যদিকে সাদা প্যানেল থেকে নির্বাচিতরা হলেন- সিনিয়র সহ-সভাপতি পদে এডভোকেট মোশাররফ হোসেন , ট্রেজারার পদে মকবুল হোসেন।এ প্যানেলের সদস্য পদে বিজয়ীরা হলেন- ফাতেমাতুজ জহুরা মনি, লিলিয়া আক্তার লিলি ও তপো গোপাল ঘোষ।