ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে নীল প্যানেল বিজয়ী হয়েছে। ভরাডুবি হয়েছে সরকার সমর্থকদের।
বিএনপি জোট সমর্থিত আইনজীবী (নীল প্যানেল) প্রার্থীরা সভাপতি, সাধারণ সম্পাদকসহ অধিকাংশ পদে জয়ী হয়েছেন। ১০টি সম্পাদকীয় পদে আওয়ামী লীগ সমর্থকদের প্যানেল (সাদা প্যানেল) থেকে সিনিয়র সহ-সভাপতি ও ট্রেজারার পদে জিতেছেন কেবল দুজন।
সভাপতি নির্বাচিত হয়েছেন বিএনপির কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক মাসুদ আহমেদ তালুকদার। তার প্যানেলের ওমর ফারুক ফারুকী সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন। সভাপতি পদে মাসুদ তালুকদার পেয়েছেন ৪ হাজার ৫৬২ ভোট। তার চেয়ে ২৩০ ভোট কম পেয়ে হেরেছেন সাদা প্যানেলের সাইদুর রহমান মানিক।
সাধারণ সম্পাদক পদে ওমর ফারুক ৪ হাজার ৬৪৩ ভোট পেয়ে জয়ী হয়েছেন। সাদা প্যানেলের আয়ুবুর রহমান তার চেয়ে ৫৮৬ ভোট কম পেয়েছেন।
কার্যনির্বাহী সদস্যদের ১৫টি পদের মধ্যে ১২টিতে জিতেছেন বিএনপি-জামায়াত সমর্থক অর্থাৎ নীল প্যানেলের প্রার্থীরা। আওয়ামী লীগ সমর্থকদের সাদা প্যানেলের তিনজন জিতেছেন।
সব মিলিয়ে সমিতির মোট ২৫টি পদের মধ্যে বিএনপি সমর্থিত নীল প্যানেল পেয়েছে ২০টি। আর আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেল পেয়েছে পাঁচটি।
বুধ ও বৃহস্পতিবার ভোটগ্রহণের পর গণনা শেষে শনিবার ভোররাতে প্রধান নির্বাচন কমিশনার, ঢাকা বারের সাবেক সভাপতি অ্যাডভোকেট এসএম আলতাফ হোসেন ফল ঘোষণা করেন।
