উপজেলা নির্বাচনে বগুড়ায় ১২টি উপজেলার মধ্যে তিনটিতে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন। বাকি ৯টির মধ্যে ৫টিতে ক্ষমতাসীন দলের মনোনীত প্রার্থীরা একই দলের বিদ্রোহী প্রার্থীর মুখোমুখি হচ্ছেন। অন্যদিকে, ৯ উপজেলার মধ্যে মাত্র দুইটি ছাড়া সবগুলোতেই বিএনপি নেতারা চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন। কোনো কোনো উপজেলায় তাদের একাধিক নেতা পরস্পরের মুখোমুখি হয়েছেন।
যারা মনোনয়ন প্রত্যাহার করলেন:
বুধবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন পাঁচ উপজেলায় চেয়ারম্যান পদে চার বিএনপি নেতাসহ ৮জন তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। তারা হলেন, গাবতলীতে বিএনপি নেতা শফিকুল ইসলাম ভোদন, শাজাহানপুরে বিএনপি নেতা এনামুল হক শাহীন, বর্তমান চেয়ারম্যান বিএনপি নেতা সরকার বাদলের স্ত্রী পলাশী খাতুন, ইসলামী ঐক্যজোটের সাইদুল ইসলাম। কাহালুতে বিএনপি নেতা ফরিদুর রহমান ফরিদ, হুমায়ুন কবির খোকন। নন্দীগ্রামে আহসান বিপ্লব রহিম ও শেরপুরে এনপিপি নেতা আব্দুন নূর।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় যারা নির্বাচিত হতে যাচ্ছেন:
প্রতিদ্বন্দ্বী কোনো প্রার্থী না থাকায় যে তিনটি উপজেলায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা নির্বাচিত হতে যাচ্ছেন তারা হলেন- শেরপুর উপজেলায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবর রহমান মজনু, আদমদীঘিতে সিরাজুল ইসলাম খান রাজু ও সোনাতলায় মিনহাদুজ্জামান লিটন।
আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী:
যেসব উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর বিরুদ্ধে একই দলের প্রার্থী রয়েছেন তারা হলেন- নন্দীগ্রামে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রেজাউল আশরাফ জিন্নার বিরুদ্ধে আজিজার রহমান, কাহালুতে দলীয় প্রার্থী আব্দুল মান্নানের বিরুদ্ধে মোশফেকুর রহমান কাজল ও আল হাসিবুল হাসান সুরুজ।
ধুনটে আওয়ামী লীগ মনোনীত আব্দুল হাই খোকনের বিরুদ্ধে মাসুদুল হক বাচ্চু, দুপচাঁচিয়ায় দলীয় চেয়ারম্যান প্রার্থী মিজানুর রহমান খান সেলিমের বিরুদ্ধে ফজলুল হক। সারিয়াকান্দিতে নৌকার মুনজিল আলী সরকারের বিরুদ্ধে একই দলের শাজাহান আলী ও আব্দুস সামাদ।
যেসব উপজেলায় বিএনপি নেতারা প্রার্থী হয়েছেন:
বগুড়া সদরে উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল, নন্দীগ্রামে অ্যাডভোকেট এ রাফি পান্না, আলেকজান্ডার ও মাহফুজুর রহমান। সারিয়াকান্দিতে বর্তমান চেয়ামর্যান মাসুদুর রহমান হিরু মণ্ডল, অ্যাডভোকেট নূরে আযম বাবু। গাবতলীতে একিউএম ডিফেন্স সুমন ও এহসানুল বাশার। শিবগঞ্জে বিউটি বেগম, ধুনটে আকতার আলম সেলিম ও শাজাহনপুরে আবুল বাশার।
ইত্তেফাক/অনি
