রাজধানীতে ৬ গাড়িতে আগুন

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০১৫, ২২:০২
 
 রাজধানীর বিভিন্ন এলাকায় বেসরকারি  টেলিভিশন  দেশ টিভির একটিসহ ছয়টি গাড়িতে আগুন দিয়েছে হরতাল-অবরোধ সমর্থকরা।শনিবার  সন্ধ্যার পর এসব ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, শনিবার  পৌনে সাতটার দিকে  মৌচাকে অবস্থিত টিভি চ্যানেলটির ভবনের বিপরীত পাশের রাস্তায় দাঁড়ানো গাড়িতে আগুন ধরিয়ে  দেয় অবরোধ-হরতাল সমর্থকরা।
 
একই সময়ে যাত্রাবাড়ীর কলার আড়তের সামনে দুটি কাভার্ড ভ্যান ও একটি বাসে আগুন ধরিয়ে  দেয়। এছাড়া খিলগাঁওয়ে একটি প্রাইভেট কার এবং বনানীতে বিহঙ্গ পরিবহনের একটি বাসে আগুন  জ্বেলে দেয় তারা।এ সময়  বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর এবং ৪-৫ টি ককটেলের বিস্ফোরণ ঘটায় অবরোধ-হরতাল সমর্থকরা।ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার এসব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।তিনি বলেন, খবর  পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। তবে এসব ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) শহীদুল জানান, সংবাদ পাবার পর ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় একটি বাস ও দুটি কাভার্ড ভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।শনিবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের সদর দপ্তর থেকে ডিউটি অফিসার আতাউর রহমান জানান, একটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে।