অভিজিত্ হত্যার প্রতিবাদে কাল ঢাবিতে ছাত্র ধর্মঘট

আপডেট : ০১ মার্চ ২০১৫, ০৩:০৩

লেখক-ব্লগার অভিজিত্ রায়কে হত্যা ও তার স্ত্রী রাফিদা আহমেদকে গুরুতর জখম করার প্রতিবাদে আগামীকাল সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ধর্মঘট ডেকেছে প্রগতিশীল ছাত্রজোট। একই দিন দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে তারা।

গতকাল শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সাংবাদিক সম্মেলনে সংগঠনের নেতারা ধর্মঘটসহ ৫ দফা কর্মসূচি ঘোষণা করেন। ৫ দিনব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে শনিবার (গতকাল) ও রবিবার কালো ব্যাজ ধারণ, মঙ্গলবার বিকালে শাহবাগে ছাত্র-শিক্ষক-জনতার সংহতি সমাবেশ ও বুধবার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বরাবর স্মারকলিপি পেশ।
লিখিত বক্তব্যে ছাত্র ইউনিয়নের সভাপতি হাসান তারেক বলেন, প্রধানমন্ত্রীকে নিয়ে কেউ কটূক্তি করলে তাকে আইসিটি আইনের মাধ্যমে ২৪ ঘন্টার মধ্যে আটক করে আইন-শৃঙ্খলা বাহিনী, অথচ অভিজিত্ হত্যার ২৪ ঘন্টা পেরিয়ে গেলেও কাউকে আটক করতে পারেনি তারা। এটা কি তাদের ব্যর্থতা নয়? তিনি বলেন, এ হত্যার মাধ্যমে মুক্তচিন্তায় চরমভাবে আঘাত করা হয়েছে। সাধারণ শিক্ষার্থীসহ সকলেই এখন হুমকির মুখে। সাংবাদিক সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্র ফেডারেশনের সভাপতি সৈকত মল্লিক, ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক লাকি আক্তার, ছাত্রফ্রন্টের দফতর বিষয়ক সম্পাদক নাসির উদ্দীন প্রিন্স।

এর আগে জোটের নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে।