নিজেদের তৃতীয় ম্যাচে এসে জয় পেয়েছে পাকিস্তান। বিশ্বকাপের লড়াইয়ে টিকে থাকতে এই জয়টি তাদের জন্য খুবই জরুরি ছিল।
রবিবার ব্রিসবেনে অনুষ্ঠিত খেলায় জিম্বাবুয়ের বিপক্ষে ২০ রানের জয় পেয়েছে পাকিস্তান। মিসবাহদের দেয়া ২৩৬ রানের জবাবে ২ বল বাকি থাকতে সব উইকেট হারিয়ে জিম্বাবুয়ে সংগ্রহ করে ২১৫ রান।
রবিবার ব্রিসবেনে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন মিসবাহ-উল হক। তবে সেই সিদ্ধান্তকে সঠিক বলে প্রমাণ করতে ব্যর্থ হন দুই ওপেনার। দলীয় ৪ রানের মাথায় দুই ওপেনারকে হারায় পাকিস্তান। দলীয় ১ রানের মাথায় ছাতারার বলে সিকান্দার রাজার হাতে ক্যাচ দেন নাসির জামশেদ। দলীয় স্কোরে তিন রান যোগ হতেই বিদায় নেন আরেক ওপেনার আহমেদ সেহজাদ। তিনিও ছাতারার শিকারে পরিণত হন। ব্যক্তিগত শূন্য রানে ক্যাচ তুলে দেন উইকেটরক্ষক টেইলরের হাতে।
এরপর হারিস সোহেলকে সঙ্গে নিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেন মিসবাহ-উল হক। তবে তাদের সেই পথও দীর্ঘ হয়নি। ৫৪ রানের জুটিটি ভাঙেন সিকান্দার রাজা। তার বলে উইলিয়ামসের হাতে ক্যাচ দেন হারিস। মিসবাহ’র সঙ্গে যোগ দেন ওমর আকমল। দুজনে মিলে দলীয় স্কোরে যোগ করেন আরও ৬৯ রান। এবার মিসবাহ’র কাধে দায়িত্ব চাপিয়ে বিদায় নেন ওমর আকমলও। পরপর ওমর আকমল ও শহিদ আফ্রিদিকে বোল্ড আউট করেন উইলিয়ামস। এরপর সোয়েব মাকসুদ ও ওয়াহাব রিয়াজকে সঙ্গে করে দলের স্কোরকে সম্মানজনক পর্যায়ে নিয়ে যান মিসবাহ। ১২১ বল মোকাবেলা করে তিনি সংগ্রহ করেন ৭৩ রান।
