'যে আন্দোলনে জনগণ নেই সেটা টিকে না'

আপডেট : ০১ মার্চ ২০১৫, ১৯:৩৬
নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান এমপি বলেছেন, বিএনপি-জামায়াত যে কাজ করছে এটা রাজনীতি নয়, এটা দেশের মানুষকে পুড়িয়ে মারা ও ধ্বংসের গভীর ষড়যন্ত্র। বিএনপি-জামায়াত আন্দোলনের নামে সন্ত্রাস সৃষ্টি করছে, মানুষ পুড়িয়ে হত্যা করছে। যে আন্দোলনে জনগণের সম্পৃক্ততা আছে, তারাই জয়লাভ করবে। যে আন্দোলনে জনগণের সম্পৃক্ততা নেই, সে আন্দোলন টিকে না। সন্ত্রাসের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। তিনি বলেন, অভিজিৎ একজন বুদ্ধিজীবী, হুমায়ন আজাদ একজন বুদ্ধিজীবী। একাত্তরে বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছে, এখনও হত্যা করা হচ্ছে। তিনি বলেন, মান্না সাহেব সেনাবাহিনীর স্বপ্ন দেখেন। দেশে নৈরাজ্য সৃষ্টির লক্ষ্যে সাদেক হোসেন খোকার সাথে ভাইভারে কথোপকথন করেন। ভাইভারও যে রেকর্ড হয় এটা তার জানা ছিল না। সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে কোন সরকারকে উৎখাত করা যায় না। বরং সন্ত্রাসীদেরই পতন হয়। 
মন্ত্রী সড়ক পথে সুষ্ঠুভাবে নিরাপদে যানবাহন চলাচলের লক্ষ্যে রবিবার বিকালে কুমিল্লা জেলা প্রশাসকের এসএ বারী সম্মেলন কক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। 
এতে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য আ.ক.ম বাহাউদ্দিন বাহার। কুমিল্লা জেলা প্রশাসক মো. হাসানুজ্জামান কল্লোলের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন হাইওয়ে কুমিল্লা অঞ্চলের পুলিশ সুপার মো. রেজাউল করিম পিপিএম, জেলা পুলিশ সুপার টুটুল চক্রবর্তী, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী, ঢাকা জেলা সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন বাচ্চু, কুমিল্লা জেলা মোটর এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আলী মনসুর ফারুক, জেলা বাস ও মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক কাজী মোতাহার হোসেনসহ কুমিল্লা, ব্রা‏হ্মণবাড়িয়া, চাঁদপুর, নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুরসহ ৬টি জেলার বাস-ট্রাক পরিবহনের মালিক-শ্রমিক নেতৃবৃন্দ ও প্রশাসনের পদস্থ কর্মকর্তাগণ। 
নৌ-পরিবহন মন্ত্রী আরো বলেন, জামায়াতে ইসলামী বিদেশি এজেন্ট হিসেবে কাজ করছে। এজন্য তাদের সংগঠনের নামের পরেই বাংলাদেশ। আর বাংলাদেশ আওয়ামী লীগসহ অন্যান্য সংগঠনের নামের আগে বাংলাদেশ। আন্তর্জাতিক জঙ্গীবাদের অংশ হিসেবে এরা ধ্বংসাত্মক কাজ করছে। শুধু পাকিস্তান নয়, পৃথিবীর বহুদেশে জঙ্গীদের প্রভাব রয়েছে। পাকিস্তানের জঙ্গীরা এদেশ নিয়ন্ত্রণ করবে এটা আমরা হতে দেব না।