রাজধানীর হাতিরঝিল প্রকল্পে ভূমি অধিগ্রহণে দুর্নীতির অভিযোগে স্ত্রীসহ জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য আবুল কাশেম ও দুই সচিবের শুনানি গ্রহণ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রবিবার দুপুর সাড়ে ১২টা থেকে ২টা পর্যন্ত দুদক কার্যালয়ে দুদকের চেয়ারম্যান মো. বদিউজ্জামানের নেতৃত্বে এ শুনানি গ্রহণ করা হয়। এর আগে গত ফেব্রুয়ারি মাসে ওই চারজনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিলের অনুমোদন দেয় দুদক। এরপর অভিযুক্তদের আবেদনের পরিপ্রেক্ষিতে কমিশন এ শুনানির আয়োজন করে।
গতকাল যাদের শুনানি গ্রহণ করা হয়েছে তারা হলেন, সাবেক সংসদ সদস্য আবুল কাশেম, তার স্ত্রী সুফিয়া কাশেম, জ্বালানী মন্ত্রণালয়ের উপ-সচিব জ্ঞানেন্দ্র নাথ সরকার ও নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব মোখলেসুর রহমান।
দুদক সূত্র জানায়, ২০১৩ সালের ২৬ ডিসেম্বর রাজধানীর কোতয়ালী থাকায় দুদকের পরিচালক যতন কুমার রায় (পিআরএল ভোগরত) বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলার নথী অনুযায়ী ২০০৬ সালে জ্ঞানেন্দ্র নাথ সরকার ঢাকার অতিরিক্ত জেলা প্রশাসক ও মোখলেসুর রহমান অতিরিক্ত বিভাগীয় কমিশনার হিসেবে দায়িত্ব পালনকালে পারস্পারিক যোগসাজশে হাতিরঝিলে তেজকুনিপাড়া মৌজায় ৫৫ শতাংশ জমি দেখিয়ে ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করেন। অথচ সেখানে তাদের নামে কোনো জমি ছিল না। প্রকৃতপক্ষে ওই জমি সরকারি সম্পত্তি। এক সময় ওই সম্পত্তির মালিক ছিলেন ভাওয়াল রাজা। প্রজাসত্ত আইন অনুযায়ী ১৯৫২ সালের ২৪ অক্টোবর ওই জমি তত্কালীন সরকার অধিগ্রণ করে। দুদকের উপ-পরিচালক আব্দুস সাত্তার এ মামলাটি তদন্ত করছেন।
