চট্টগ্রামে হোটেল রেডিসন ব্লুর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

আপডেট : ০১ মার্চ ২০১৫, ২০:৩৫


প্রধানমন্ত্রী শেখ হাসিনা রবিবার বন্দরনগরী চট্টগ্রামে পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লু’র উদ্বোধন করেন।
সেনা হোটেল ডেভেলপমেন্ট লিমিটেডের মালিকানায় এই হোটেলে থাকছে অত্যাধুনিক সুযোগ-সুবিধা। বিশ্বের বৃহত্তম হোটেল গ্রুপ কার্লসন রেজিডর এই হোটেলটি পরিচালনা করবে। ২৪১ কক্ষবিশিষ্ট হোটেলটি এ বছরের মধ্য এপ্রিলে চালু হবে। খবর বাসস।
বন্দর নগরী চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামের পাশেই এই হোটেলটি নির্মিত হয়। ২১০০ বর্গমিটার আয়তনবিশিষ্ট হোটেলটি ব্যবসায়িক সভা, সামাজিক আচার অনুষ্ঠান, বিবাহ, সম্মেলন ও সেমিনারের জন্য একটি আকর্ষণীয় ভেন্যু।
প্রধানমন্ত্রীর বিশেষ দূত এইচ এম এরশাদ, বিরোধী দলীয় নেত্রী বেগম রওশন এরশাদ, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, পানিসম্পদ মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ দিলু, ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদ, তিন বাহিনীর প্রধানগণ ও পদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।