যুক্তরাজ্যের সেই তিন কিশোরীকে তুরস্কের ইস্তাম্বুলে একটি বাস স্টেশনে দেখা গেছে। রবিবার গণমাধ্যমের খবরে বলা হয়, সিসিটিভি ফুটেজে দেখা যায়, পূর্ব লন্ডনের ঐ তিন কিশোরী সিরিয়ার সীমান্তবর্তী একটি শহরগামী বাসের জন্য অপেক্ষা করছিলো। সিরিয়ার ইসলামিক স্টেটের জঙ্গিদের সাথে যোগ দেয়ার জন্য বাড়ি ছেড়েছে ঐ তিন কিশোরী। তিন কিশোরীর মধ্যে দুই জনই বাংলাভাষী। খবর রয়টার্স ও বিবিসির।
শামীমা বেগম (১৫), আমিরা আব্বাস (১৫) এবং খাদিজা সুলতান (১৬) নামের ঐ তিন স্কুলছাত্রী গত ১৭ ফেব্রুয়ারি ইস্তাম্বুলের উদ্দেশ্যে লন্ডন ছাড়ে। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, ১৭ ফেব্রুয়ারি বৈরামপাসা বাস স্টেশনে অপেক্ষা করছিলো তারা। পুলিশের সূত্র উদ্ধৃতি করে মিলিয়েত পত্রিকার খবরে বলা হয়, তারা বিমানবন্দর থেকে মেট্রো রেলে করে বৈরামপাসা বাস স্টেশনে পৌঁছায়। পুলিশ জানায়, তিন স্কুলছাত্রী প্রায় ১৮ ঘন্টা অপেক্ষা করে বাস স্টেশনে। সেখান থেকে তারা আইএস নিয়ন্ত্রিত এলাকা থেকে ৫০ কিলোমিটার দূরের শহর সানলিফুরফায় যায়। এরপর তারা দালালদের সহায়তায় তাদের যাত্রা অব্যাহত রাখে। তুরস্কের পুলিশ জানায়, তাদের সাহায্যকারীদের সন্ধান করছে তারা। সিসিটিভির ফুটেজের মাধ্যমে সাহায্যকারীদের সনাক্ত করার চেস্টা করছে পুলিশ।
