অপহৃত ১৯ অ্যাসেরিয়ান খ্রিস্টানকে মুক্তি দিয়েছে আইএস

আপডেট : ০২ মার্চ ২০১৫, ১১:৪৭
 
গত মাসে সিরিয়ায় অপহৃত হওয়া অ্যাসেরিয়ান খ্রিস্টান সম্প্রদায়ের  ১৯ জনকে মুক্তি দিয়েছে আইএস। রবিবার বিবিসির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংগঠন ‘দ্য সিরিয়ান ওবজারভেটরি ফর হিউমান রাইটস’ জানিয়েছে, আসেরিয়ান কমান্ডার এই তথ্য জানিয়েছে।
কিছু রিপোর্টে বলা হয়েছে, নির্দিষ্ট অর্থের বিনিময়ে তাদের মুক্তি দেয়া হয়েছে।
গত ২৩ ফেব্রুয়ারি সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলের শহর তাল তামরে কাছে খাবুর নদী তীরবর্তী গ্রামগুলো থেকে ২২০ জনের মতো অ্যাসেরিয়ান খ্রিস্টান সম্প্রদায়ের সদস্যদের অপহরণ করা হয়। এদের মধ্যে পুরুষ, নারী ও শিশু রয়েছে।
অ্যাসেরিয়ান কর্মকর্তারা জানিয়েছেন, ১৬ পুরুষ ও তিনজন নারী রবিবার হাসাকাহ শহরের ভার্জিন ম্যারির চার্চে নিরাপদে এসে পৌঁছেছে।  তারা হাসাকা শহরের দক্ষিণে অবস্থিত আইএস নিয়ন্ত্রিত সাদ্দাদেহ শহর থেকে বাসে করে চার্চে এসে পৌঁছায়।
মুক্তিপ্রাপ্তদের সবার বয়স ৫০ বছর বা তার চেয়ে বেশি। ধারণা করা হচ্ছে, মুক্তিদানের পিছনে বয়সও একটি বড় বিষয়।