‘আদালতের নির্দেশনা অনুযায়ী অবিলম্বে তল্লাশি চালানো হোক’

আপডেট : ০২ মার্চ ২০১৫, ১৫:৩২
আদালতের নির্দেশনা অনুযায়ী অবিলম্বে বেগম জিয়ার কার্যালয়ে তল্লাশি চালানোর জন্য দাবি জানিয়ে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, আমি ধন্যবাদ জানাই আদালতকে এবং পুলিশ বাহিনীকে যারা কার্যালয়ের ভিতরে তল্লাশি চালানোর নির্দেশনা চেয়ে 
আদালতের কাছে আবেদন করেছিলেন। বেগম জিয়ার কার্যালয়ের ভিতরের লোকসংখ্যা সর্বসাকুল্যে ৮-১০ জন। কিন্তু প্রায় একশজনের জন্য বাইরে থেকে খাবার ভেতরে নেয়া হয়। তাই সরকারের প্রতি অনুরোধ জানাবো আদালতের নির্দেশনা অনুযায়ী সেখানে কোন জঙ্গি, সন্ত্রাসি কিংবা পেট্রোলবোমা নিক্ষেপকারী, অস্ত্রশস্ত্র লুকিয়ে রাখা হয়েছে কিনা তা যেন অবিলম্বে তল্লাশি চালিয়ে দেখা হয়।
সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে ‘বিএনপির সন্ত্রাস ও নৈরাজ্যের’ প্রতিবাদে আয়োজিত এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে হাছান মাহমুদ একথা বলেন। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট এ মানববন্ধনের আয়োজন করে।
হাছান মাহমুদ আরো বলেন, বিএনপি দেশকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করার ষড়যন্ত্রে লিপ্ত। তাদের এ অপচেষ্টা জনগণ কখনোই সফল হতে দিবে না। জনগণ বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটকে প্রত্যাখ্যান করেছে।  তাই তারা এখন বিদেশিদের দুয়ারে ধর্না দিচ্ছে। সেখানেও তাদের স্থান নেই। বিদেশিরাও বিএনপিকে মানুষ হত্যা ও নৈরাজ্য বন্ধের আহ্বান জানাচ্ছে। 
অরুণ সরকার রানার সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন সংসদ সদস্য হাজী সেলিম, কেন্দ্রীয় আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ ও সদস্য বাবু সুজিত রায় নন্দী, কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক  সম্পাদক বদিউল আলম বদি, এমএ করিম প্রমুখ।