প্রধানমন্ত্রী শেখ হাসিনা কেউ যাতে বড় ধরনের নাশকতা সৃষ্টি করতে না পারে সেজন্য সারাদেশে দলীয় নেতাকর্মীদের সজাগ ও সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন। বিশেষ করে চট্টগ্রাম থেকে গত দুই সপ্তাহে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য আটকের প্রেক্ষাপটে ওই এলাকায় বেশি সতর্কতা অবলম্বনের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে অনানুষ্ঠানিক আলোচনায় তিনি এ কথা বলেন।
কূটনৈতিক পেশায় জড়িতদের সঙ্গে বিদেশিদের বিয়ে করার বিধান রেখে গণকর্মচারী (বিদেশিদের সহিত বিবাহ আইন) আইন-২০১৫’র খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের বলেন, সামরিক শাসনামলে এ অধ্যাদেশটি জারি হয়েছিল। সুপ্রিম কোর্টের এক আদেশে সামরিক শাসনে জারি হওয়া অর্ডিন্যান্সকে বাংলায় অনুবাদ করা হয়েছে। তিনি বলেন, পূর্বের অর্ডিন্যান্স অনুযায়ী, কূটনীতিক ব্যতীত অন্যান্য সরকারি কর্মকর্তারা রাষ্ট্রপতির অনুমতি নিয়ে বিদেশি নাগরিককে বিয়ে করতে পারতেন। এ আইনের ফলে এখন থেকে রাষ্ট্রপতির অনুমোদন সাপেক্ষে কূটনীতিকরাও বিদেশি নাগরিককে বিয়ে করতে পারবেন।
