ঢাকার দুই (উত্তর ও দক্ষিণ) সিটি করপোরেশন নির্বাচন নিয়ে বিএনপির সাবেক দুই সংসদ সদস্য শহীদুল হক জামাল ও আবু হেনা প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদের সঙ্গে বৈঠক করেছেন। সোমবার বিকালে আধ ঘণ্টারও বেশি সময় ধরে একান্তে বৈঠক শেষে তারা সাংবাদিকদের বলেন, ‘বিএনপির পক্ষ হয়ে এ আলোচনা হয় নি।’
বরিশাল-২ আসনের সংসদ সদস্য ছিলেন সাবেক হুইপ শহীদুল জামাল। তিনি আট বছর আগে বিএনপি থেকে বহিস্কৃত হন। রাজশাহীর বাগমারার সাবেক আবু হেনা বহিস্কৃত হলেও বর্তমানে বিএনপির সঙ্গে যুক্ত রয়েছেন। এ দু’জন একসঙ্গে বিকাল চারটার দিকে সিইসির সঙ্গে বৈঠক শেষে এক গাড়িতে ইসি কার্যালয় ছাড়েন।
ডিসিসি নির্বাচনের বিএনপি সমর্থিত প্রার্থী দেয়ার বিষয়ে আবু হেনা বলেন, চলমান পরিস্থিতিতে বিএনপি ওইভাবে প্রার্থী না দিলেও কাউকে না কাউকে সমর্থন দেবে। আমি একসময় দল থেকে বহিস্কৃত হয়েছিলাম। ২০০৭ থেকে এখন বিএনপিতে আছি। ঢাকা সিটির নির্বাচনটা হওয়া উচিত। তবে আমি অফিসিয়ালভাবে নির্বাচন কমিশনে আসি নি।
ক্যান্টনমেন্ট এলাকার ভোটার শহীদুল জামাল এখনো প্রার্থী হওয়ার বিষয়ে ঘোষণা না দিলেও ‘সময় মতো’ জানানো হবে বলে উল্লেখ করেন। তিনি বলেন, আমি বিএনপি’র পক্ষ হয়ে আসি নি। নির্বাচন বিষয়ে কারো পক্ষ হয়ে নয়, আমি খোঁজ খবর নিচ্ছি। নির্বাচনটা সুষ্ঠু হবে কিনা জানতে এসেছিলাম। সিইসি বলেছেন, ভোট সুষ্ঠু হবে, যার ভোট সে দেবে।
বৈঠকে তাদেরকে সিইসি বলেছেন, আমরা নিরপেক্ষভাবে নির্বাচন দেব। আগেও সিটি নির্বাচন করেছি। সবগুলো যেভাবে হয়েছে সেভাবে সুষ্ঠুভাবে ভোট হবে। সবার অংশগ্রহণ চাই।
বৈঠকের বিষয়ে জানতে চাইলে সিইসির একান্ত সচিব এ কে এম মাজহারুল ইসলাম জানান, সিইসির সঙ্গে আলাপ শেষে যাওয়ার সময় ডিসিসি’র সীমানা সংক্রান্ত গেজেটও নিয়ে যান বিএনপির সাবেক দুই সংসদ সদস্য।
