বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে কোর্টে আত্মসমর্পণ করার আহ্বান জানিয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন।
মেনন খালেদা জিয়ার উদ্দেশে বলেন, আপনি কোর্টে আত্মসমর্পণ করুন। আপনারা যে পরিস্থিতির কথা বলছেন, হয়তো কোর্ট বিষয়টি বিবেচনায় নিয়ে আপনাকে জামিন দেবেন।
সোমবার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে এ আহ্বান জানান মন্ত্রী।
রাশেদ খান মেনন বলেন, বিএনপি-জামায়াত জোটের বর্জন প্রতিরোধকে মোকাবেলা করে ৫ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হয়। ৫ জানুয়ারির নির্বাচন কোনো সাধারণ নির্বাচন ছিলো না। এই নির্বাচন ছিলো মুক্তিযুদ্ধ ও গণতন্ত্রকে সমুন্নত রাখার কঠিন সিদ্ধান্ত। আজ ৫৬ দিন ধরে হরতাল-অবরোধের নামে সন্ত্রাস চালাচ্ছে জামায়াত- বিএনপি। ৫ জানুয়ারির নির্বাচনের আগেও জনসমর্থন পায়নি, এবারও পাচ্ছে না। তাদের আন্দোলন প্রিন্ট মিডিয়া ও বেসরকারি টেলিভিশনের স্ক্রলের মধ্যে সীমাবদ্ধ।
গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়ে মেনন বলেন, দেশের কোথাও হরতাল-অবরোধ হচ্ছে না। কিন্তু দুর্ভাগ্য দেশের গণমাধ্যম অকার্যকর হরতাল-অবরোধের প্রচার করে চলেছে। খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি-জামায়াত জোট আল-কায়েদা ও আইএসের সঙ্গে হাত মিলিয়েছে কি না, তা খুঁজে বের করতে হবে। জঙ্গি অর্থায়ন বন্ধ না করা গেলে এসব নাশকতা বন্ধ করা যাবে না।
বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ বলেন, ২০০৮ সাল থেকে সারা পৃথিবীতে অর্থনৈতিক মন্দা চলছে। তবে সেই মন্দা আমাদের স্পর্শ করতে পারেনি। কারণ আমাদের বিদেশ থেকে হাজার হাজার কোটি কোটি টাকা রেমিটেন্স আসে।
তিনি বলেন, আমাদের ওয়ার্কাররা অনেক বেশি ঝুঁকিতে থাকে। সেসব ঝুঁকি দেখবার কেউ নেই কেন? যাদের পাঠানো টাকা দিয়ে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ছে, জিডিপি বাড়ছে সেই শ্রমিকদের দেখার কেউ নেই কেন?
