চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু হচ্ছে আজ

আপডেট : ০৩ মার্চ ২০১৫, ০১:২০

চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে নগরীর রেলওয়ে পলোগ্রাউন্ড ময়দানে আজ মঙ্গলবার থেকে শুরু হচ্ছে মাসব্যাপী চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলা। বিকালে তেইশতম এই মেলার উদ্বোধন করবেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে থাকবেন ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, এম.এ লতিফ এমপি।

গতকাল সোমবার দুপুরে নগরীর আগ্রাবাদে চেম্বার মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। লিখিত বক্তব্যে মেলা কমিটির চেয়ারম্যান মোহাম্মদ নুরুন নেওয়াজ সেলিম বলেন, এবারের মেলায় দেশি-বিদেশি ৩৮টি প্যাভিলিয়ন ও ২৩৯টি স্টল নিয়ে চার শতাধিক প্রতিষ্ঠান অংশ নেবে। মেলা সর্বসাধারণের জন্য প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে।

চেম্বার সভাপতি মাহবুবুল আলম মেলাকে সফল ও সার্থক করে তুলতে ব্যাপক উদ্যোগ নেয়ার কথা তুলে ধরেন। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন চেম্বারের সহ-সভাপতি সৈয়দ জামাল আহমেদ, চেম্বার পরিচালক মাহফুজুল হক শাহ, মাহবুবুল হক প্রমুখ।