আফ্রিকায় প্রতি বছর যোগ্য নেতৃত্বের জন্য একটি দেশের সরকার প্রধানকে ‘মো ইব্রাহিম’ পুরস্কার দেয়া হয়। ২০১৪ সালের সেই পুরস্কার জিতে নিয়েছেন নামিবিয়ার বিদায়ী প্রেসিডেন্ট হিপেকেপুনেই পোহাম্বা। পুরস্কার হিসেবে পাচ্ছেন ৫ মিলিয়ন মার্কিন ডলার যা বাংলাদেশি মুদ্রায় ৩৯ কোটি টাকা।
এই পুরস্কার কেবল সেই নেতাকেই দেয়া হয় যিনি দেশে সুশাসন প্রতিষ্ঠাসহ নাগরিকদের জীবন মানের উন্নতি করতে পারেন এবং সুনামের সঙ্গে বিদায় নেন। প্রেসিডেন্ট হিপেকেপুনেই সেই কাজটিই করেছেন। হিপেকেপুনেই দেশটির স্বাধীনতার জন্য সংগ্রাম করেছেন এবং পরপর দুইবার প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন। তার উত্তরসূরী হচ্ছেন হ্যাগেই গেনগব যিনি ইতোমধ্যে নির্বাচিত হয়েছেন। কেনিয়ার নাইরোবিতে এক অনুষ্ঠানে ৭৯ বছর বয়সী হিপেকেপুনেইর নাম ঘোষণা করা হয়। মো ইব্রাহিম ব্রিটিশ-সুদানিজ মোবাইল কমিউনিকেশনের উদ্যোক্তা এবং মানবতাবাদী। তিনি আফ্রিকায় বিনিয়োগ করে ব্যাপক মুনাফা অর্জন করেন। ২০০৭ সাল থেকে এই পুরস্কার প্রদান শুরু হয়। - বিবিসি
