রাজধানীর আগারগাঁওয়ের শের-ই-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী বাসচাপায় নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে আটটার দিকে বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় গেটের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহতের নাম আলী আহমেদ আলিফ। কৃষি অনুষদের প্রথম বর্ষের প্রথম সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন।
জানা গেছে, সকালে বিশ্ববিদ্যালয়ের উদ্দেশে বাড্ডা থেকে রওনা হন আলিফ। বাস থেকে নামার পর পেছন থেকে আসা একটি বাস আলিফকে ধাক্কা দেয়। এতে আলিফ গুরুতর হলে তাকে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্রে (পঙ্গু হাসপাতাল) নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বাসটিকে আটক করা হলেও চালক পালিয়ে গেছে।
এই ঘটনায় বিশ্ববিদ্যালয়ের বিক্ষুব্ধ শিক্ষার্থীরা পাসপোর্ট অফিসের সামনে সড়কে নেমে আসেন। তারা সেখানে বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করেন সড়ক অবরোধ করেন।
