‘কার্যালয়ে ফেরার আশ্বাস পেলে আদালতে যাবেন খালেদা জিয়া’

আপডেট : ০৩ মার্চ ২০১৫, ১৬:০৮
 
পর্যাপ্ত নিরাপত্তা, আত্মসমর্পণপূর্ব জামিন এবং নিজ কার্যালয়ে ফেরত যাওয়ার সুযোগ দিলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ঢাকার বিশেষ জজ আদালতে হাজির হবেন বলে দাবি করেছেন তার আইনজীবী সুপ্রিম কোর্ট বার সভাপতি অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন। মঙ্গলবার তিনটায় সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি ভবনে নিজ চেম্বারে তিনি এই কথা বলেন।
খন্দকার মাহবুব হোসেন বলেন, আমরা এখনো কোনো গ্রেফতারি পরোয়ানা পাইনি। তারপরও যদি খালেদা জিয়াকে আত্মসমর্পণ করতে হয় তাহলে তিনি তা করবেন।

তিনি বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে খালেদা জিয়া নিরাপত্তাহীনতায় ভুগছেন। তিনি (খালেদা জিয়া) আশঙ্কা করছেন, রাজনৈতিক কার্যালয় থেকে বের হলে তাকে সেখানে ঢুকতে দেয়া হবে না। বর্তমান আন্দোলন থেকে তাকে বিচ্ছিন্ন করতে সরকার এই পরিকল্পনা করে থাকতে পারে।