আফগানিস্তানে ২৭ পুলিশ কর্মকর্তা বরখাস্ত

আপডেট : ০৩ মার্চ ২০১৫, ১৭:৩৩
 
আফগানিস্তানের রাজধানী কাবুলের ১৭ জেলার প্রধানসহ পুলিশের মোট ২৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বরখাস্ত করেছে দেশটির সরকার। পুলিশ বিভাগ থেকে দুর্নীতি দূর করতে প্রেসিডেন্ট আশরাফ ঘানি এই পদক্ষেপ নিয়েছেন। খবর বিবিসির।
 
গত বছরের সেপ্টেম্বরে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই দুর্নীতির অভিযোগে সরকারি কর্মকর্তাদের বরখাস্ত করে আসছেন ঘানি। অনেক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে জঙ্গি নেতাদের সঙ্গে যোগসাজশের অভিযোগ তুলেছেন তিনি।
 
আকস্মিক সরেজমিন তদন্তে গিয়ে বেশ কয়েকজন কর্মকর্তাকে বরখাস্ত করেন ঘানি। তবে অনেক কর্মকর্তাকে চাকরিচ্যুতি নয়, বরং অন্য চাকরি উপহার দেওয়া হয়েছে বলে জানা গেছে।
 
এর আগে কাবুলের পুলিশ প্রধান আব্দুল রহমান রহিমি বলেছিলেন, পুলিশ বাহিনীকে একটি অরাজনৈতিক প্রতিষ্ঠানে পরিণত করা হবে।