বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে জারিকৃত গ্রেফতারি পরোয়ানা মঙ্গলবার পর্যন্ত সংশ্লিষ্ট থানায় পৌঁছেনি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ও পরোয়ানার কপি পায়নি বলে জানিয়েছেন খোদ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান কামাল।
এদিকে খালেদা জিয়ার আইনজীবী অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন জানিয়েছেন, নিরাপত্তাহীনতার কারণেই আদালতে যেতে পারছেন না তিনি। এর আগে ওই আদালতের পাশ্ববর্তী এলাকায় তার গাড়ি বহরের উপর হামলা হয়েছে। বর্তমানেও সরকারি দলের অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা খালেদা জিয়ার কার্যালয়ের আশপাশে অবস্থান নিয়েছেন। অন্যদিকে আজ হাইকোর্টে ও বিশেষ জজ আদালতে গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহারের আবেদন জানানো হয়েছে।
গত ২৫ ফেব্রুয়ারি ঢাকার বিশেষ জজ আদালত-৩ এর বিচারক আবু আহমেদ জমাদার জিয়া অরফানেজ ও চ্যারিটেবল ট্রাষ্ট মামলার শুনানিতে উপস্থিত না থাকায় খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। এক সপ্তাহেও ওই পরোয়ানার কপি সংশ্লিষ্ট থানায় পৌছেনি। এর তিনদিন পর জারি হওয়া তল্লাশি পরোয়ানার কপি ঠিকই সংশ্লিষ্ট থানায় পৌছে গেছে। ওয়ারেন্টের কপি না পৌছানোর ঘটনাটি রহস্যজনক বলে অনেকেই মনে করে।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল সচিবালয়ে সাংবাদিকদের বলেন, খালেদা জিয়াকে গ্রেফতারের বিষয়ে আদালতের নির্দেশ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তবে পরোয়ানা এখনও স্বরাষ্ট্র মন্ত্রনালয়ে পৌছায়নি।
খন্দকার মাহবুব হোসেন বলেন, খালেদা জিয়া আইনের প্রতি শ্রদ্ধাশীল। তিনি আদালতে যেতে ইচ্ছুক। কিন্তু এর আগে যখন তিনি আদালতে গিয়েছিলেন তখন তার এবং বিএনপির নেতা-কর্মীদের উপর হামলা হয়েছে। প্রায় প্রতিদিনই সরকারি দলের অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা তার কার্যালয়ের চারপাশে অবস্থান নিয়ে বিভিন্ন কর্মসূচী পালন করছেন। নানা ধরনের হুমকি দিচ্ছেন।
