গাছ রক্ষায় অভিনব আন্দোলন

আপডেট : ০৪ মার্চ ২০১৫, ০২:১৪

থাইল্যান্ডে গাছপালা নিধনের বিরুদ্ধে অভিনব আন্দোলন শুরু করেছেন একজন বৌদ্ধ ভিক্ষু। ফ্রাক্রু পিতাক নানথাখুন নামে এই ভিক্ষু গত ২৫ বছর ধরে পরিবেশ রক্ষার লক্ষ্যে গাছপালার গায়ে পরিয়ে দিচ্ছেন গেরুয়া পোশাক। তিনি বলেন, কোন মানুষের গায়ে গেরুয়া বসন উঠলে যেমন সে ভাল মানুষ হওয়ার চেষ্টা করে তেমনি আমরা যখন কোন গাছের গায়ে গেরুয়া চড়াই তখন আশা করি মানুষ সেটিকে একটি পবিত্র চিহ্ন হিসেবে দেখে। ফলে সবাই গাছটিকে রক্ষা করার চেষ্টা করবে।

উল্লেখ্য, থাইল্যান্ড বৌদ্ধ-প্রধান দেশ। বৌদ্ধ ধর্মমতে এই গেরুয়া পোশাককে পবিত্র বলে মনে করা হয়। গাছের গায়ে গেরুয়া পোশাকের জন্য কেউ গাছটিকে কেটে ফেলতে চায় না। ফ্রাক্রু পিতাক নানথাখুন আরো বলেছেন, ‘থাইল্যান্ডের উত্তর-পূর্বাঞ্চলীয় নান্ প্রদেশে বনভূমি ধ্বংসের মাত্রা এখন এক বিপদজনক পর্যায়ে পৌঁছেছে। মধ্যস্বত্বভোগী দালাল, ভূমিদস্যু এবং অবৈধ কাঠ ব্যবসায়ীরা ব্যাপক হারে গাছপালা কেটে ফেলছে। আমি অনেক দিন ধরেই ভাবছিলাম কিভাবে একে মোকাবেলা করা যায়। শেষ পর্যন্ত বৌদ্ধ ধর্ম বিষয়ক পুস্তক ঘাটাঘাটি করে এর জবাব পেলাম।’ গাছের গায়ে গেরুয়া পরানোর পর ধর্মীয় আচার পালনের অংশ হিসেবে গায়ে ছিটিয়ে দেয়া হয় পবিত্র পানি। এভাবে ওই প্রদেশে বহু গাছকে ধ্বংসের হাত থেকে রক্ষা করা হয়েছে। প্রকল্পটি এতটাই সফল যে লাওস, ভিয়েতনাম, মিয়ানমার, ভুটান এবং শ্রীলংকাতেও একই ভাবে গাছ রক্ষার আন্দোলন শুরু হয়েছে। -বিবিসি