ডাকসু নির্বাচন শিক্ষার্থীদের মাঝে প্রাণের সঞ্চার করেছে: হানিফ

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:৪২

আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, আগামী ১১ মার্চ অনুষ্ঠিত হতে যাওয়া ডাকসু নির্বাচন শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে প্রাণের সঞ্চার করেনি, এটি সারা বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে প্রাণের সঞ্চার করেছে। তিনি বলেন, ডাকসু হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রাণের জায়গা, যার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের দাবি-দাওয়ার কথা তুলে ধরতে পারেন।

বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোজাফফর আহমেদ চৌধুরী অডিটোরিয়ামে আয়োজিত এক নবীন বরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কুষ্টিয়া জেলার শিক্ষার্থীদের সংগঠন কুষ্টিয়া জেলা ছাত্রকল্যাণ সমিতি (গড়াই) এ নবীন বরণের আয়োজন করে।

মাহবুবুল আলম হানিফ বলেন, ডাকসু নির্বাচনের মাধ্যমে যে নেতৃত্ব নির্বাচিত হবে তাদের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন সময়ে তাদের সুযোগ সুবিধা নিশ্চিত ও দাবি-দাওয়া পূরণের জন্য মুখ্য ভূমিকা পালন করবে।

ছাত্রদেরকে সমাজের সবচেয়ে সচেতন অংশ উল্লেখ করে তিনি বলেন, ছাত্ররা ডাকসু নির্বাচনে ভোট দেওয়ার মাধ্যমে তাদের সচেতনতার পরিচয় দেবে। দেশের জন্য কাজ করতে গিয়ে কে কতটুকু কাজ করেছে তা তাদের দেখতে হবে।

বিএনপি ও ছাত্রদলের প্রসঙ্গ টেনে এ যুগ্ম-সাধারণ সম্পাদক বলেন, খালেদা জিয়া যখন দেশের দায়িত্বে এবং বিরোধীদলের নেত্রী ছিলেন, তখন তিনি দেশের জন্য কতটুকু দায়িত্ব পালন করেছিলেন? তার দলের নেতাকর্মীদের জিজ্ঞেস করার প্রয়োজন রয়েছে কোন যুক্তিতে, আশায় আপনারা তাদের সঙ্গে নির্বাচনে যাচ্ছেন।

রাজনৈতিক প্রতিহিংসার বিষয় উল্লেখ করে তিনি বলেন, ২০০১ সালে বিএনপি ক্ষমতায় থাকাকালীন টিউলিপ নামের একটি ডাচ কোম্পানি বাংলাদেশের তরুণ শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে কম্পিউটার বিতরণ করতে চেয়েছিলো। কিন্তু কোম্পানির নাম বঙ্গবন্ধুর নাতনীর নামে হওয়ায় তিনি প্রজেক্ট বাতিল করে দেন। যার জন্য একটা দীর্ঘমেয়াদী ক্ষতির সম্মুখীন হয়েছিল বাংলাদেশ।

ছাত্রদলকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন, পেট্রোল দিয়ে মানুষ পুড়িয়ে হত্যাকারীদের যারা সমর্থন করে তারা আর যাইহোক ছাত্র সমাজের প্রতিনিধি হতে পারেনা।

ইত্তেফাক/জেডএইচ