এক অতিরিক্ত সচিব ও নয় যুগ্ম-সচিবের দফতর বদল করে বুধবার দুটি পৃথক আদেশ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। আদেশে বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশনের সচিব (অতিরিক্ত সচিব) বিমান কুমার সাহাকে স্বাস্থ্য মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।
এছাড়াও ওএসডি যুগ্ম-সচিব মো. আব্দুল মালেককে স্বাস্থ্য মন্ত্রণালয়ে এবং বাংলাদেশ দুগ্ধ উত্পাদনকারী সমবায় ইউনিয়নের (মিল্ক ভিটা) ব্যবস্থাপনা পরিচালক এম এ মান্নান হাওলাদারকে পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের এপিডি অনু বিভাগে ন্যস্ত করা হয়েছে। ওএসডি যুগ্ম-সচিব স্বপন কুমার বড়ালকে মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম চতুর্থ পর্যায় প্রকল্পের প্রকল্প পরিচালক করা হয়েছে।
জাতীয় প্রাথমিক শিক্ষা অ্যাকাডেমির মহাপরিচালক হিসাবে বদলির আদেশধীন জ্যোতির্ময় সমদ্দারকে বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশনের সচিব করা হয়েছে।
বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের পরিচালক মো. এমদাদুল হক সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার ও ভাষা প্রশিক্ষণ ল্যাব স্থাপন প্রকল্পের প্রকল্প পরিচালক হয়েছেন।
ওএসডি যুগ্ম-সচিব মোহাম্মদ হুমায়ুন কবীরকে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের একটি প্রকল্পের প্রকল্প পরিচালক এবং পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিচালক মো. জহির উদ্দিন বাবরকে মিল্ক ভিটার ব্যবস্থাপনা পরিচালক করা হয়েছে।
এছাড়া চট্টগ্রাম বিভাগের স্থানীয় সরকার পরিচালক যুগ্ম-সচিব শংকর রঞ্জন সাহাকে চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার এবং সরকারি কর্ম কমিশনের পরিচালক হিসাবে বদলির আদেশাধীন যুগ্ম-সচিব দীপক চক্রবর্তীকে চট্টগ্রাম বিভাগের স্থানীয় সরকার পরিচালক করে আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
