আরও দুই দিনের রিমান্ডে রিজভী

আপডেট : ০৪ মার্চ ২০১৫, ২১:২৪
 
গাড়ীতে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় মিরপুর থানায় দায়ের করা মামলায় বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদকে ফের দুই দিনের রিমান্ড দিয়েছেন আদালত। অষ্টমবারের মতো তাকে রিমান্ডে নেয়া হল। এ নিয়ে টানা ২৮ দিন রিমান্ডে আছেন তিনি।
 
এর আগে গত ২৭ ফেব্রুয়ারি মোহাম্মদপুর থানার গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের আরেকটি মামলায় সপ্তম দফায় ৪ দিনের রিমান্ডে দেয়া হয়। ওই রিমান্ড শেষে তাকে বুধবার আদালতে হাজির করা হয়।
গত ২৫ জানুয়ারি দায়ের করা এ মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর থানার উপপরিদর্শক রফিকুল ইসলাম সুষ্ঠ তদন্তের স্বার্থে ৭ দিন রিমান্ড চান।
যথারীতি রিমান্ড বাতিল করে জামিন আবেদন করেন তার আইনজীবীরা। অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া, মাসুদ আহমেদ তালুকদার, মহসিন মিয়া, নুরুজ্জ্মান তপনপ্রমুখ শুনানি করেন। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মিজানুর রহমান এ রিমান্ড মঞ্জুর করেন।
গত ২৫ জানুয়ারি মিরপুর সনি সিনেমা হলের সামনে গাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় মিরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) রাজিব আহম্মেদ এ মামলাটি দায়ের করেন। এ মামলায় তাকে হুকুমদাতা হিসাবে আসামি করা হয়েছে।
প্রসঙ্গত, গত ৩০ জানুয়ারি রাত পৌনে ৩টার দিকে রাজধানীর গুলশানের পার্ক রোডের একটি বাসা থেকে র্যাবের হাতে গ্রেপ্তার হন তিনি। পরদিন বাড্ডা থানার একটি মামলায় ৩ দিন রিমান্ড মঞ্জুর করা হয়। ওই রিমান্ড শেষে গত ৪ ফেব্রুয়ারি যাত্রাবাড়ী থানার গাড়িতে অগ্নিসংযোগের মামলায় ৩১ জন দগ্ধ ও একজন নিহত হওয়ায় মামলায় ৫ দিন, গত ১০ ফেব্রুয়ারি যাত্রবাড়ী থানার আরেকটি মামলায় ৫ দিন, গত ১৬ ফেব্রুয়ারি একই থানার বাসে পেট্রোলবোমা হামলার পৃথক মামলায় ৩ দিন, গত ২০ ফেব্রুয়ারি মোহাম্মদপুর থানায় দায়ের করা মামলায় ২ দিন, গত ২৩ ফেব্রুয়ারি আরেকটি মামলায় ৩ দিনের রিমান্ডে দেয়া হয়। চলন্ত গাড়িতে পেট্রোল বোমা মেরে যাত্রী হত্যাচেষ্টার অভিযোগে একই থানার একটি মামলায় গত ২৩ ফেব্রুয়ারি রিজভীর তিন দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।