ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসির নিমন্ত্রণে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে বিশ্বকাপের শুভেচ্ছা দূত হওয়া শচীন টেন্ডুলকার গতকাল আইসিসিরই তীব্র সমালোচনা করেছেন! বিশ্বকাপের পরবর্তী আসরগুলোতে সহযোগী দেশগুলোর সংখ্যা কমিয়ে আনার ব্যাপারে আইসিসির সিদ্ধান্তের কারনেই শচীনের এই সমালোচনা। রেকর্ড ছয়টি বিশ্বকাপে অংশ নেয়া এই ভারতীয় আইসিসির এমন সিদ্ধান্তকে ‘ক্রিকেটের বিশ্বায়নের ক্ষেত্রে পেছনে হাঁটা’ বলে অভিহিত করেছেন।
ছোট দলগুলোকে বাদ দিয়ে বিশ্বকাপে অংশগ্রহণকারী দলের সংখ্যা ১৪ থেকে ১০ এ নামিয়ে আনার সিদ্ধান্তের ব্যাপারে একদিন আগে সাফাই গাওয়া আইসিসির প্রধান নির্বাহী ডেভ রিচার্ডসনের বিবৃতিরও প্রতিবাদ করেছেন শচীন। ছোটদলগুলো সব বাধা বিপত্তি ঠেলে উঠে আসছে জানিয়ে তিনি বলেন, ‘বিশ্বকাপ ক্রিকেটের সর্বোচ্চ আসর। এখানে ম্যাচগুলোকে যত বেশি সম্ভব প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করতে হবে। প্রতিটি বিশ্বকাপেই আমরা দেখি ছোট দলগুলো বড় দলগুলোকে চমকে দিচ্ছে। তবে তাদেরকে চার বছর পর পর হঠাত্ করেই অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের মতো বড় দলের মুখোমুখি হতে হয়। এটা আসলে তাদের ক্ষেত্রে অবিচারই বটে।’
