কালাই থেকে ছিনতাই হওয়া ট্রাকটি কাহালুতে উদ্ধার

আপডেট : ০৫ মার্চ ২০১৫, ১২:০৫
জয়পুরহাটের কালাই উপজেলা থেকে ছিনতাই হওয়া ট্রাকটি বুধবার রাতে বগুড়ার কাহালু উপজেলার পাইকড় ইউনিয়নের বনবনাই বটতলী নামক স্থান থেকে উদ্ধার করা হয়েছে।
জানা গেছে, গত মঙ্গলবার রাতে জয়পুরহাটের কালাই উপজেলার মোলামগাড়ি বাজার থেকে ২৫৪ বস্তা আলু নিয়ে ওই ট্রাকটি ঢাকায় যাচ্ছিল। রাত সাড়ে ১০ দিকে শিবপুর নামক স্থানে পৌঁছালে একদল দৃর্বৃত্ত রাস্তার পাশের গাছ ফেলে ব্যারিক্যাড দিয়ে ট্রাকটি থামিয়ে চালক ফিরোজ (৩৭) ও হেলপার শাহিনুরকে মারপিট করে হাত পা বেঁধে নগদ চার হাজার দুই’শ টাকা ও মোবাইল ফোন কেড়ে নিয়ে  ট্রাকে করে পালিয়ে যায়। তবে ছিনতাইকারীরা আলুবোঝাই ট্রাকটি কাহালু উপজেলার পাইকড় ইউনিয়নের বনবনাই বটতলী নামক স্থানে ফেলে যায়। কাহালু থানা পুলিশ ঘটনাস্থল থেকে ট্রাকটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। ট্রাক চালকের বাড়ি জয়পুরহাট জেলার কালাই উপজেলার রাধানগর গ্রামে। এ রিপোর্ট লেখা পর্যন্ত কাহালু থানায় কোন মামলা হয়নি।