একরাম হত্যা: মিনারের জামিন এক সপ্তাহ স্থগিত

আপডেট : ০৫ মার্চ ২০১৫, ১৩:৪৩
 
ফেনীর ফুলগাজীতে একরামুল হক হত্যা মামলার প্রধান আসামি বিএনপি নেতা মাহাতাব উদ্দিন আহম্মেদ চৌধুরী মিনার ওরফে মিনার চৌধুরীর জামিন আরো এক সপ্তাহের জন্য স্থগিত করেছে আপিল বিভাগ। বৃহস্পতিবার প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বে আপিল বিভাগের চার বিচারকের বেঞ্চ এই আদেশ দেয়।
এর আগে গত সোমবার মিনারের জামিন সংক্রান্ত একটি রুলের চূড়ান্ত শুনানি করে বিচারপতি মোহাম্মদ আব্দুল হাফিজ নেতৃত্বাধীন দুই সদস্যের হাইকোর্ট বেঞ্চ তাকে জামিন দেয়। পরে রাষ্ট্রপক্ষের আবেদনে মঙ্গলবার থেকে বৃহস্পতিবার এই জামিন স্থগিত করা হয়।
গত বছর ২০ মে ফেনীর একাডেমি এলাকায় বিলাসী সিনেমা হলের সামনে প্রকাশ্যে গুলি করে, কুপিয়ে ও গাড়িসহ পুড়িয়ে হত্যা করা হয় ফুলগাজী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি একরামুল হককে। এ ঘটনায় একরামের বড় ভাই রেজাউল হক জসিম ফেনী জেলা তাঁতী দলের আহ্বায়ক মাহাতাব উদ্দিন আহম্মদ চৌধুরী মিনারের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরো ৩০/৩৫ জনকে আসামি দেখিয়ে ফেনী মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।