‘নাটকে সমসাময়িক ঘটনা তুলে ধরার চেষ্টা নেই’

আপডেট : ০৫ মার্চ ২০১৫, ১৬:২৩
 
 
তরুণ নির্মাতা রাকেশ বসু। সিরিয়াল আর নাটক নির্মাণ নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। অন্যান্য নির্মাতাদের মতো রাকেশও স্বপ্ন দেখেন চলচ্চিত্র নির্মাণের। সম্প্রতি বিনোদন প্রতিদিনকে দেয়া এক সাক্ষাৎকারে নিজের এই ইচ্ছের কথাই জানালেন এই তরুণ নির্মাতা। 
এখনকার কাজ সম্পর্কে জানতে চাই।
আমাদের ধারাবাহিক নাটক ‘৭টি তারার তিমির’ এর কাজ চলছে। ইতোমধ্যে নাটকটি পঞ্চাশ পর্ব ছাড়িয়েছে। এছাড়া আগামী ঈদের জন্য দুটি নাটক নির্মাণ করবো। নাটক দুটির গল্প ও চিত্রনাট্যের কাজ শেষ। এখন কাস্টিংয়ের কাজ চলছে। খুব তাড়াতাড়িই সবকিছু চূড়ান্ত করা হবে।
চলচ্চিত্র নির্মাণে কবে আসছেন?
খুব তাড়াতাড়ি আসছি না। এখনকার অনেক পরিচালকদের দেখা যায় দুটি নাটক নির্মাণ করেই তারা বড়পর্দার দিকে ঝুঁকে যায়। নাটক তৈরির মাধ্যমে ফিল্ম ফিকশনের আইডিয়া পাওয়া যায়। কিন্তু চলচ্চিত্র আর নাটক নির্মাণ এক নয়। এখন যে পরিচালকরা দুটি নাটক নির্মাণের পর চলচ্চিত্র নির্মাণে আসেন তাদের ছবি নিয়েই কিন্তু প্রশ্ন ওঠে। দর্শক বুঝতে পারে না যে তারা নাটক দেখছে না টেলিফিল্ম দেখছে।
ভবিষ্যত্ পরিকল্পনা কি?
বলা হয়ে থাকে মৃত্যুর পরেও যদি বেঁচে থাকতে চান তাহলে একটি বই লিখুন অথবা একটা ছবি নির্মাণ করুন। প্রত্যেক নির্মাতারই কিন্তু স্বপ্ন থাকে একটি ছবি হলেও যেন নির্মাণ করা। আমিও এর ব্যতিক্রম নই। তবে যথেষ্ট প্রস্তুতি নিয়েই আমি চলচ্চিত্র নির্মাণে আসতে চাই। দর্শক যেন আমার ছবি দেখে নাটক দেখছে না টেলিফিল্ম দেখছে এমন দ্বিধায় না পড়ে। তবে চলচ্চিত্র নির্মাণ এখনও অনেক দেরি।
বাংলাদেশের নাটক কি তার ইমেজ হারিয়েছে বলে মনে করেন?
অবশ্যই হারিয়েছে। বলা যায়, আমরা অন্তত ৬০ বা ৭০ ভাগ পিছিয়ে গেছি। এখন যে গল্পকার বা চিত্রনাট্যকার রয়েছেন তারা দর্শকের চাহিদা অনুযায়ী কাজ করতে পারছেন না। ভারতের সিরিয়ালগুলোতে বিশেষ দিনগুলোর ছোঁয়া থাকে। ঈদ বা পূজার আয়োজনও কিন্তু তাদের সিরিয়ালে পাওয়া যায়। কিন্তু আমাদের নাটকে সমসাময়িক ঘটনাগুলোকে গল্পে নিয়ে আসার চেষ্টা নেই।
এখন যে নাটকগুলো হচ্ছে সেগুলো কি হারানো ইমেজ ফিরিয়ে আনার জন্য যথেষ্ট?
আমি যথেষ্ট বলে মনে করি না। হ্যাঁ, আমি আমাদের নাটকের কথা বলতে পারি। মিমি আপু এবং আমি চেষ্টা করছি। আমাদের মতো আরও অনেকে আছেন চেষ্টা করছেন। কিন্তু বাকিদের এই বিষয়ে মাথাব্যথা নেই। মাথাব্যথা নেই চ্যানেলগুলোরও। তারা নাটকের থেকে রিয়্যালিটি শো এবং স্পেশাল প্রোগ্রাম নিয়েই বেশি ব্যস্ত।