আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘সহিংসতা ও সংলাপ একসাথে চলতে পারে না। বোমা মেরে মানুষ হত্যা করে সংলাপে বাধ্য করার কথা যারা ভাবছেন, তারা বোকার স্বর্গে বাস করছেন।’ বৃহস্পতিবার সকালে রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিত্সাধীন পেট্রোল বোমা নিক্ষেপসহ বিভিন্ন সহিংস হামলায় দগ্ধদের দেখতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘নাশকতা ও সহিংসতা কোনো আন্দোলন নয়। সংলাপ চাইলে নাশকতা বন্ধ করতে হবে।’
নাশকতাকে আত্মঘাতী প্রবণতা অভিহিত করে মন্ত্রী বলেন, ‘কথিত আন্দোলনকারীদের এ প্রবণতা রুখে দিতে হবে।’ তিনি বলেন, ‘আন্দোলনে জনগণকে সম্পৃক্ত করতে ব্যর্থ হয়ে তারা এ সর্বনাশা খেলায় মেতে উঠেছে। বোমা মেরে সরকারপতনের নজির পৃথিবীর কোথাও নেই।’
মন্ত্রী জানান—৫ জানুয়ারি থেকে অদ্যাবধি ৬৩ জন গাড়িচালক ও হেলপার পেট্রোল বোমায় দগ্ধ হয়ে মারা যান।
সেতুমন্ত্রী একুশে বইমেলায় তার সম্প্রতি প্রকাশিত দুটি বইসহ এর আগে প্রকাশিত তার অন্যান্য বইয়ের রয়্যালটি থেকে প্রাপ্ত সব আয় ছাড়াও নিজস্ব তহবিল থেকে মোট ৫ লাখ ৪০ হাজার টাকা চিকিত্সাধীন রোগীদের জন্য অনুদান হিসেবে প্রদান করেন।
উল্লেখ্য, বর্তমানে ৫৪ জন পেট্রোল বোমা হামলায় দগ্ধ হয়ে বার্ন উনিটে চিকিত্সাধীন, যাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে এ অনুদান দেয়া হয়।
পরিদর্শনকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক, বার্ন ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ চিকিত্সকগণ উপস্থিত ছিলেন।
