৩৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার শুক্রবার অনুষ্ঠিত হতে যাচ্ছে। ২০০ নম্বরের দুই ঘণ্টার প্রিলিমিনারিতে বসবে চাকরিপ্রার্থীরা। বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট ও রংপুর কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরই মধ্যে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) আসন বিন্যাস প্রকাশ করা হয়েছে। এ ছাড়া, পরীক্ষার্থীদের এসএমএসের মাধ্যমে পরীক্ষার সময় ও কোনো কেন্দ্রে পরীক্ষা হবে, তা জানিয়ে দেয়া হয়েছে। এ দিকে, এবারের ৩৫তম বিসিএস পরীক্ষায় বিভিন্ন কারণে ২৫ জনের প্রার্থিতা বাতিল করেছে পিএসসি। বৃহস্পতিবার পিএসসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিসিএসসহ পিএসসির নিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্বন, প্রতারণা, জালিয়াতি, দুর্নীতি, অসদাচরণের কারণে ০০০০৭১, ০০৭১৩৩, ০১৪০৮২, ০২৪৯৫৮, ০২৮৪০২, ০৪৭২১০, ০৪৯৯৬৯, ০৫৪৭৮০, ০৫৫৩৯৭, ০৮১৮৪৯, ০৮৭৩৮৫, ০৮৯৬১২, ০৯৫২১৩, ০৯৬৮৪৭, ০৯৯৮০০, ১০০৫৯৬ ও ১০৮৪৮৩ রেজিস্ট্রেশন নম্বরধারী পরীক্ষার্থীদের প্রার্থিতা বাতিল করা হয়েছে। নির্ধারিত ফি জমা না দেয়ায় প্রার্থিতা বাতিল হওয়া পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন নম্বর-০৫৩৬১০, ০৮২৫৬১, ১৩২৫৮৭, ১৩৮২১২, ১৪৩৬০০, ১৪৯৪৫৬, ১৪৯৭৫৮ ও ৬০৫৩৪৭।
২০ প্রার্থীর নতুন রেজিস্ট্রেশন নম্বর:
বিপিএসসি ফরম-১ ভুলক্রমে উপজাতি/প্রতিবন্ধী প্রার্থী হিসেবে ফরম পূরণকারী ২০ প্রার্থীর আবেদনের পর নির্দিষ্ট সময়ের মধ্যে নির্ধারিত ফি জমা দেয়ায় তাদের নতুন করে রেজিস্ট্রেশনের সুযোগ দেয়া হয়। এ ২০ প্রার্থীর বৈধ নতুন রেজিস্ট্রেশন নম্বর দেয়া হয়েছে। নতুন রেজিস্ট্রেশন নম্বরসহ পরীক্ষার হলে আসতে হবে, বাতিল করা রেজিস্ট্রেশন নম্বরের প্রবেশপত্রটি কমিশনে জমা দিতে হবে।
পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার নিষিদ্ধ:
৩৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা থেকে ক্যালকুলেটর ব্যবহারও নিষিদ্ধ করা হয়েছে। কোনো কেন্দ্রে পরীক্ষার্থীর কাছে ক্যালকুলেটর পাওয়া গেলে তার প্রার্থিতা বাতিল করবে পিএসসি। এ বিষয়ে পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আ ই ম নেছার উদ্দিন বলেন, ‘সব বিসিএসের প্রিলিমিরারিতে যেকোনো ধরনের ক্যালকুলেটর ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে।
রেকর্ড-সংখ্যক পরীক্ষার্থী:
৩৫তম বিসিএসে অংশ নিতে ২ লাখ ৪৪ হাজার ১০৭ জন প্রার্থী আবেদন করেছেন, যা বিসিএসের ইতিহাসে সর্বোচ্চ। এর আগে ৩৪তম বিসিএসে ২ লাখ ২১ হাজার ৫৭৫ জন আবেদন করেছিলেন। সেই হিসাবে গত বিসিএস থেকে ৩৫তম বিসিএসে ২২ হাজার ৫৩২ জন বেশি প্রার্থী আবেদন করেছেন।
এর আগের বিসিএসের প্রিলিমিনারি ১০০ নম্বরের এক ঘণ্টায় পরীক্ষা হতো। ৩৫তম বিসিএস থেকে ২০০ নম্বরের দুই ঘণ্টার প্রিলিমিনারিতে বসতে হবে চাকরিপ্রার্থীদের। প্রতিটি শুদ্ধ উত্তরের জন্য থাকবে এক নম্বর। তবে ভুল উত্তরের জন্য শূন্য দশমিক ৫০ নম্বর কাটা হবে। এবারের এই বিসিএসের মাধ্যমে বিভিন্ন ক্যাডারে এক হাজার ৮০৩ জনকে নিয়োগ দেয়া হবে। সে অনুযায়ী প্রতি পদের বিপরীতে ১৩৫ জন প্রার্থী লড়বেন।
৩৫তম বিসিএসে অংশ নিতে ঢাকা কেন্দ্রের অধীনে এক লাখ ৫৫ হাজার ২৪৪ জন, রাজশাহী কেন্দ্রে ২১ হাজার ৮৭৩ জন এবং চট্টগ্রামে ২০ হাজার ৪৬৯ জন প্রার্থী আবেদন করেছেন। এ ছাড়া, খুলনা কেন্দ্রে ১৪ হাজার ৭৮ জন, বরিশালে পাঁচ হাজার ৭২৯ জন, সিলেটে নয় হাজার ৮৫৮ জন এবং রংপুর কেন্দ্রের অধীনে পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছেন ১৬ হাজার ৮৫৬ জন।
