গোলবন্যার ফাইনালে শেখ জামালের শিরোপা জয়

আপডেট : ০৫ মার্চ ২০১৫, ২১:২৮
 
ফেডারেশন কাপের শিরোপা ধরে রাখল শেখ জামাল ধানমন্ডি ক্লাব। গোলবন্যার ফাইনালে শেখ জামাল ৬-৪ গোলে হারিয়েছে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে। 
বৃহস্পতিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রথম গোলের দেখা পায় শেখ জামাল। খেলার ৬ মিনিটে দলকে এগিয়ে দেন নাইজেরিয়ান ফরোয়ার্ড এমেকা ডার্লিংটন। তবে ২ মিনিট পরই আত্মঘাতী গোলে ম্যাচে সমতা পায় মুক্তিযোদ্ধা। 
তবে এই সমতা বেশিক্ষণ স্থায়ী হয়নি। আবারো ম্যাচে এগিয়ে যায় শেখ জামাল। ম্যাচের ১৩ মিনিটে হাইতিয়ান ফরোয়ার্ড ওয়েডসন গোলটি করেন। তবে ৩০ মিনিটে সেনেগালের ফরোয়ার্ড কামারা সার্বার গোলে আবারো ম্যাচে সমতা পায় মুক্তিযোদ্ধা। 
দ্বিতীয়বারের মতো ম্যাচে সমতা এনে জ্বলে ওঠে মুক্তিযোদ্ধা। ৩৯ থেকে ৪১ মিনিটের ব্যবধানে দুটি গোল করে ৪-২ গোলে এগিয়ে যায় মুক্তিযোদ্ধা। দুটি গোলই করেন মুক্তিযোদ্ধার অধিনায়ক এনামুল। ফলে এগিয়ে থেকেই ফাইনালের বিরতিতে যায় মুক্তিযোদ্ধা।
বিরতির পর ম্যাচে ফেরার জন্য আক্রমণের ধার বাড়িয়ে দেয় শেখ জামাল। শেষ পর্যন্ত সফলই হয়েছে তারা। ৬২ ও ৭০ মিনিটে দুটি গোল করে শেখ জামালকে সমতায় ফেরানোর পাশাপাশি নিজের হ্যাট্রিক পূর্ণ করেন ওয়েডসন। শেষ পর্যন্ত ৪-৪ সমতা থাকায় ম্যাচটি গড়ায় অতিরিক্ত সময়ে। 
সেখানে বাজিমত করে শেখ জামাল। ১০৭ মিনিটে ডার্লিংটন ও ১১৮ মিনিটে রুবেল মিয়া গোল করে ৬-৪ গোলে শেখ জামালকে এগিয়ে দেন। ম্যাচের শেষ বাঁশি পর্যন্ত ওই স্কোর বজায় থাকলে জয় নিয়েই মাঠ ছাড়ে শেখ জামাল। সেই সাথে শিরোপা জয়ের স্বাদও পায় শেখ জামাল। ফাইনাল ও টুর্নামেন্ট সেরার পুরস্কার পান শেখ জামালের ওয়েডসন।