ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা তার সঙ্গে দ্বিমত পোষণ করলেও তিনি আবারো পরিস্কারভাবে বলতে চান যে ইরানের সঙ্গে কেনো প্রকার চুক্তি না করে বিকল্প উপায়ে দেশটিকে পারমাণবিক শক্তিধর হওয়ার থেকে নিবৃত করার উপায় তিনি মার্কিন কংগ্রেসকে জানিয়েছেন। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের পারমাণবিক চুক্তির ইস্যুতে মার্কিন কংগ্রেসে ভাষণ দেয়ার পর দেশে ফিরে নেতানিয়াহু একথা বলেছেন।
নেতানিয়াহুর ভাষণ সম্পর্কে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা তার প্রতিক্রিয়ায় বলেছিলেন, ইসরাইলি প্রধানমন্ত্রীর ভাষণে নতুন কিছু ছিল না। এর জবাবে এক বিবৃতিতে নেতানিয়াহু বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ভিন্নমত পোষণ করলেও নিজের ভাষণে তিনি যা বলেছেন যুক্তরাষ্ট্র তা পালন করলে তেহরানের পক্ষে পারমাণবিক ক্ষমতাধর হবার স্বপ্ন সফল হবে না। তিনি অগ্রহণযোগ্য কিছু বলেননি মন্তব্য করে বিবৃতিতে আরো বলেন, বছর বছর ধরে ইরানকে সুযোগ দেয়ার পরিবর্তে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিলে দেশটি পরমাণু প্রকল্প থেকে সরে আসবে। কিন্তু চুক্তি ভঙ্গ করে ইরান যে ওই পথে পা বাড়াবে না তার নিশ্চয়তা নেই বলে তিনি মনে করেন। কারণ তিনি ইরানকে তিনি বিশ্বাস করেন না।
নেতানিয়াহু আরো বলেন, ইরান যতদিন পর্যন্ত না সন্ত্রাসের পৃষ্ঠপোষকতা বন্ধ করবে ততদিন তাদের প্রতি কোনোপ্রকার অনুকম্পা প্রদর্শন করা উচিত হবে না। ইসরাইলের সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছে মার্কিন কংগ্রেসে দেয়া প্রধানমন্ত্রীর ভাষণ দেশে তার জনপ্রিয়তা বাড়িয়ে দিয়েছে। বিভিন্ন জরিপে এই তথ্য উঠে এসেছে।
উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার আপত্তি সত্ত্বেও রিপাবলিকান দলের আমন্ত্রণে মঙ্গলবার কংগ্রেসে ভাষণ দেন ইসরাইলের প্রধানমন্ত্রী। ফলে চুক্তি নিয়ে কিছুটা বেকায়দায় পড়েছেন ওবামা। নেতানিয়াহুর হুমকি সত্ত্বেও পুনরায় ইরানের সঙ্গে পরমাণু ইস্যুতে আলোচনা শুরু করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। রিপাবলিকানরা কংগ্রেসে ইরান ইস্যুতে একটি বিল উত্থাপন করবেন যার ওপর বিতর্ক অনুষ্ঠিত হবে। এর ফলে ইরানের সঙ্গে পরমাণু চুক্তি চূড়ান্ত করার আগে ওবামার কংগ্রেসের অনুমোদন নেয়ার প্রয়োজন হবে।
কংগ্রেসে ভাষণে নেতানিয়াহু বলেছিলেন, অনুষ্ঠিতব্য চুক্তি ইরানের বোমা তৈরির পথ বন্ধ করবে না, বরং এটা ইরানকে বোমা তৈরির পথ করে দেবে। এ সময় তিনি বিশ্ববাসীকে ইরানের বিরুদ্ধে একত্রিত হওয়ার আহ্বান জানান। বাজে চুক্তির চেয়ে কোনো চুক্তি না হওয়াই ভাল।
