দাবি না মানলে রবিবার থেকে আবার হরতাল

আপডেট : ০৬ মার্চ ২০১৫, ০৩:৫৮

বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেছেন, অবিলম্বে নির্দলীয় সরকারের অধীনে অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠান এবং মৌলিক ও মানবাধিকার প্রতিষ্ঠার দাবি মেনে না নিলে আগামী রবিবার থেকে দেশব্যাপী আবারও হরতালসহ কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দিয়েছেন। ‘গোপন’ জায়গা থেকে বিবৃতি দিয়ে হরতাল-অবরোধের ঘোষণা প্রসঙ্গে তিনি বলেন, সরকার প্রায়ই বলে থাকে, বিএনপি গোপন জায়গা থেকে বিবৃতি দিচ্ছে। এ বিষয়ে আমাদের বক্তব্য হলো, ই-মেইলের মাধ্যমে সকল সময়ে যেভাবে দলীয় বিবৃতি-বিজ্ঞপ্তি দেয়া হয়, একই প্রক্রিয়ায় এখনো দেয়া হচ্ছে। তিনি প্রশ্ন রেখে বলেন, প্রকাশ্য রাজনীতির সুযোগ বিরোধী দলের জন্য উন্মুক্ত রাখেনি সরকার।

বিবৃতিতে বিএনপির যুগ্ম মহাসচিব একুশে টিভির সাংবাদিক কনক সরোয়ারকে গ্রেপ্তার করে রিমান্ডে নেয়ার ঘটনায় উদ্বেগ জানিয়ে তার মুক্তি দাবি করেন।