১৮৩ রানের সহজ টার্গেটে খেলতে নেমে ৬ উইকেট হারিয়ে চাপে পড়েছে ভারত। জয়ের জন্য অধিনায়ক ধোনিই এখন একমাত্র ভরসা। ৩১ ওভার শেষে তাদের সংগ্রহ ১৩৯/৬।
এর আগে টস জিতে ব্যাট করে সব উইকেট হারিয়ে ১৮২ রান সংগ্রহ করেছে ওয়েস্ট ইন্ডিজ। মোহাম্মদ সামি-উমেশ যাদবদের তোপের মুখে একমাত্র জেসন হোল্ডার ছাড়া আর কোনো ব্যাটসম্যানই দাঁড়াতে পারেনি।
শুক্রবার পাথের্র ওয়াকায় টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ক্যারিবিয়ান অধিনায়ক জ্যাসন হোল্ডার। ব্যাট করতে নেমে শুরুতেই ডুয়াইন স্মিথকে হারায় ওয়েস্ট ইন্ডিজ। দলীয় ৮ রানের মাথায় মোহাম্মদ সামির বলে ধোনির হাতে ক্যাচ দেন তিনি। এরপর দলের স্কোরে মাত্র ৭ রান যোগ হতেই রান আউট হন মারলন স্যামুয়েলস। দু’একটি বাউন্ডারি হাঁকিয়ে দলকে বিপর্যয় থেকে উদ্ধারের আভাস দিয়েছিলেন আক্রমণাত্মক ব্যাটসম্যান ক্রিস গেইল। কিন্তু তিনিও দলীয় ৩৫ রানের মাথায় একটি বড় শট হাকাতে গিয়ে মোহাম্মদ সামির দ্বিতীয় শিকার হন। সামির পর এবার উমেশ যাদব। পরের ওভারের প্রথম বলেই রামদিনকে বোল্ড করেন তিনি। এরপর সিমন্স ও কার্টার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেন। তবে তাদের সেই চেষ্টাও বেশিক্ষণ স্থায়ী হয়নি। ৩২ রানের জুটি গড়ে ব্যক্তিগত ৯ রানে আউট হন সিমন্স। মোহিত শর্মার বলে উমেশ যাদবের হাতে ক্যাচ দেন তিনি। পরপরই কার্টার আউট হলে বড় স্কোরের স্বপ্ন শেষ হয়ে যায় ক্যারিবিয়ানদের। অধিনায়ক জেসন হোল্ডারের ৫৭ রানের ইনিংসের সুবাদে শেষ পর্যন্ত ১৮২ রান সংগ্রহ করতে সক্ষম হয় ক্যারিবিয়ানরা।
